ডেইলী নিউজ বাংলা ডেস্ক , আপলোডের সময় : সোমবার, ২৩ নভেম্বর, ২০২৬ , আজকের সময় : সোমবার, ২৩ নভেম্বর, ২০২৬

কুষ্টিয়া দৌলতপুরে চেয়ারম্যান মনোনয়ন নিয়ে গুঞ্জন, কাকে দিবেন বাচ্চু মোল্লা

জিল্লুর রহমান, কুষ্টিয়া: সংসদ নির্বাচন শেষ হয়েছে, এখন দৌলতপুরে নতুন আলোচনা, উপজেলা চেয়ারম্যান পদে মনোনয়ন কে পাবেন?

চায়ের দোকান থেকে বাজার, মসজিদের সামনে থেকে মাঠের সম্মেলন, সব জায়গায় একই প্রশ্ন ঘুরছে। এমপি সাহেব রেজা আহমেদ বাচ্চু মোল্লা এবার কাকে চেয়ারম্যান পদে মনোনয়ন দেবেন?

দৌলতপুরের ১৪টি ইউনিয়নের নেতাকর্মীদের মধ্যে এখন একটাই গুঞ্জন। কেউ বলছেন পুরোনো ত্যাগী নেতা পাবেন, কেউ বলছেন নতুন মুখ আসবে।

তবে চেয়ারম্যান পদপ্রার্থীরা এবার পরিষ্কার কথা বলছেন, যাচাই-বাছাই করে যার সমর্থন বেশি, তাকেই মনোনয়ন দেওয়া হোক।
তাদের দাবি, মাঠে কার জনপ্রিয়তা কেমন, তৃণমূলের নেতাকর্মী কাকে চায়, সেটা যাচাই করেই সিদ্ধান্ত নিতে হবে।

তাহলে দলের মধ্যে কোনো ক্ষোভ থাকবে না, সবাই একসাথে ধানের শীষের জন্য কাজ করতে পারবে। নেতাকর্মীদের বক্তব্য, এমপি সাহেবের সিদ্ধান্তই শেষ কথা। তিনি যাকে দেবেন, ধানের শীষের সবাই তার পেছনেই থাকবে।”

তবে এলাকাবাসীর দাবি একটাই, চেয়ারম্যান যেই হোন, তিনি যেন এলাকার মানুষের পাশে থাকেন, উন্নয়নের কাজ করেন।
এখনো দলীয়ভাবে কোনো চূড়ান্ত নাম ঘোষণা হয়নি। সবাই তাকিয়ে আছেন এমপি রেজা আহমেদ বাচ্চু মোল্লার দিকে।
তিনি কাকে বেছে নেন, সেটাই এখন দৌলতপুরের সবচেয়ে বড় রাজনৈতিক রহস্য।