কুষ্টিয়া সীমান্তে বিজিবির অভিযানে পিস্তল-গুলি উদ্ধার
দৌলতপুর (কুষ্টিয়া) প্রতিনিধি
কুষ্টিয়ার দৌলতপুর সীমান্তে অভিযান চালিয়ে একটি একনলা দেশীয় পিস্তল ও দুই রাউন্ড গুলি উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
সোমবার (২৮ সেপ্টেম্বর) সকাল ১০টা ২৫ মিনিটের দিকে উপজেলার রামকৃষ্ণপুর বিওপির দায়িত্বপূর্ণ এলাকার মদনের ঘাটে অভিযান চালিয়ে এসব অস্ত্র ও গুলি উদ্ধার করা হয়।
কুষ্টিয়া ব্যাটালিয়ন (৪৭ বিজিবি) জানায়, সুনির্দিষ্ট গোয়েন্দা তথ্যের ভিত্তিতে রামকৃষ্ণপুর বিওপির একটি চৌকস টহল দল মদনের ঘাট এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে। এ সময় মালিকবিহীন অবস্থায় একটি একনলা দেশীয় পিস্তল ও দুই রাউন্ড গুলি পড়ে থাকতে দেখে তা উদ্ধার করা হয়।
বিজিবির তথ্য অনুযায়ী, উদ্ধারকৃত অস্ত্র ও গুলির আনুমানিক সিজার মূল্য ১০ হাজার ৪০০ টাকা।
৪৭ বিজিবি জানিয়েছে, সীমান্তে অবৈধ অস্ত্রের চোরাচালান ও অনুপ্রবেশ ঠেকানো, সীমান্ত সুরক্ষা এবং স্থানীয় জনসাধারণের নিরাপত্তা নিশ্চিত করতে নিয়মিত গোয়েন্দা তৎপরতা ও বিশেষ অভিযান পরিচালনা করা হচ্ছে। অবৈধ অস্ত্র, মাদক ও অন্যান্য চোরাচালান প্রতিরোধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।