হোসেনপুর (কিশোরগঞ্জ) প্রতিনিধিঃ হোসেনপুর উপজেলার সিদলা ইউনিয়নের রামেরশুপুর এলাকায় বড় মাঝিপাড়া গ্রামের কৃষক রুস্তম আলী বস্তায় আদা চাষ করে সফলতার পাশাপাশি এলাকায় অনুকরণীয় দৃষ্টান্ত স্থাপন করেছেন এবং স্বপ্ন দেখছেন অধিক লাভের।
কিশোরগঞ্জের হোসেনপুরে বহুতল ভবনের ছাদে কৃষি খামার স্থাপন দিন দিন বেশ জনপ্রিয় হয়ে উঠেছে। এক সময় বাসা বাড়ির ছাদ ছিলো শুধু জামাকাপড় শুকানোর উপযোগী মাধ্যেম । কিন্তু সময়ের পরিক্রমায় সেই ছাদ এখন সবুজে ঘেরা কৃষি অর্থনীতির প্রাণকেন্দ্রে পরিনত হতে চলছে । হোসেনপুর পৌর এলাকায় থেকে শুরু করে গ্রামগঞ্জের অনেকের ভবনের ছাদেই ফুল,ফল,শাকসবজি ও ঔষধি গাছের পাশাপাশি বস্তায় আদা চাষ করে লাভবান হচ্ছেন কৃষকেরা।
সরেজমিনে গিয়ে দেখাযায় কৃষিতে সফল উদ্যোক্তা মোঃ রাজিব মিয়া স্থানীয় কৃষি বিভাগের পরামর্শ নিয়ে বস্তায় কেঁচো সার ও অল্প পরিমাণ রাসায়নিক সার মিশিয়ে চাষের উপযোগী মাটি তৈরি করে ফলদ,বনজ ও ঔষধি গাছের চারা উৎপাদন করে আশাতীত সফলতা পেয়েছেন। তাই অন্যদের অনুপ্রেরণা যোগাতে বাড়ি বাড়ি গিয়ে কৃষকদের পরামর্শ দিচ্ছেন। যাতে প্রতিটি বাড়ির ছাদের সীমিত জায়গায় সর্বাধিক কৃষি পণ্যের উৎপাদন করতে পারেন সহজভাবে । প্রতিবছর এপ্রিলের প্রথম সপ্তাহে বাড়ির ছাদে বস্তায় আদা লাগানোর সবচেয়ে উপযুক্ত সময়। কৃষি জমির তুলনায় ছাদে বস্তায় আদা চাষ সহজ ও লাভজনক। এতে কন্দপচা রোগের ঝুঁকি হ্রাসের পাশাপাশি পরিচর্যাও সহজ হয়। ছাদে বা বাড়ির আশপাশের ছায়াযুক্ত জায়গায় আদা, হলুদ ও অন্যান্য শাকসবজি চাষ করলে যেমন পতিত জায়গা কাজে লাগে, তেমনি পরিবারের চাহিদা মিটিয়ে অতিরিক্ত আয় করাও সম্ভব হয়।