গাজীপুর প্রতিনিধি: গাজীপুরে হেযবুত তওহীদের উদ্যোগে “দীন প্রতিষ্ঠায় জাতীয় ঐক্যের আহ্বান” শীর্ষক এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। আজ শুক্রবার দুপুরে মহানগরীর সাগর-সৈকত কনভেনশন হলে এ সভার আয়োজন করা হয়।
আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংগঠনের শীর্ষ নেতা ইমাম হোসাইন মোহাম্মদ সেলিম। গাজীপুর অঞ্চল হেযবুত তওহীদের সভাপতি মো. শরীফুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত এ সভায় সংগঠনের কেন্দ্রীয় ও স্থানীয় নেতাকর্মীরা বক্তব্য রাখেন।
প্রধান অতিথির বক্তব্যে ইমাম হোসাইন মোহাম্মদ সেলিম বলেন, “বর্তমানে বিশ্বজুড়ে মুসলিম জাতি যে নিগ্রহ ও নির্যাতনের শিকার হচ্ছে, তার মূল কারণ নিজেদের মধ্যে বিভেদ ও অনৈক্য। এই পরাধীনতা ও নিপীড়ন থেকে মুক্তি পেতে মুসলিমদের একতাবদ্ধ হওয়া ছাড়া বিকল্প নেই।”
তিনি আরও বলেন, ইসলাম মানুষের সার্বিক মুক্তি ও সমাজে শান্তি প্রতিষ্ঠার একমাত্র পথ। কিন্তু আল্লাহর দেওয়া সুনির্দিষ্ট জীবনব্যবস্থা বর্জন করে মানব রচিত ব্যবস্থার ওপর নির্ভর করার কারণেই বিশ্বজুড়ে অন্যায়-অশান্তি চরম আকার ধারণ করেছে।
এ পরিস্থিতি থেকে উত্তরণে তিনি জাতীয় জীবনে আল্লাহর দীন প্রতিষ্ঠায় সবাইকে এক প্ল্যাটফর্মে আসার আহ্বান জানান।
সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংগঠনের যুগ্ম সাধারণ সম্পাদক এস এম সামসুল হুদা ও রুফায়দাহ পন্নী, ঢাকা বিভাগীয় সভাপতি ড. মাহবুব আলম মাহফুজ, গাজীপুর মহানগর সভাপতি আবু রায়হান এবং জেলা সভাপতি আলী আকবর উজ্জ্বলসহ অন্যান্য নেতৃবৃন্দ।
অনুষ্ঠানে গাজীপুরের বিভিন্ন এলাকা থেকে আগত সংগঠনের কয়েক হাজার বিপুলসংখ্যক নেতা-কর্মী ও সমর্থক অংশ নেন।