ডেইলী নিউজ বাংলা ডেস্ক , আপলোডের সময় : মঙ্গলবার, ১৯ মে, ২০২৬ , আজকের সময় : শনিবার, ৬ জুন, ২০২৬

ঘোড়াঘাটে জুয়ার আসরে অভিযান ৪ জুয়াড়ি গ্রেপ্তার

ঘোড়াঘাটে জুয়ার আসরে অভিযান ৪ জুয়াড়ি গ্রেপ্তার

ঘোড়াঘাট (দিনাজপুর) প্রতিনিধিঃ
দিনাজপুরের ঘোড়াঘাটে করতোয়া নদীর তীরে জুয়ার আসরে অভিযান চালিয়ে ৪ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। অভিযানকালে জুয়ার আসর থেকে নগদ ৭ হাজার ৩০০ টাকা, ৩টি ডাবু, ১৮টি ফরগুটি এবং একটি ফর্দি জব্দ করা হয়।
সোমবার দিবাগত রাত আনুমানিক ১ টার দিকে উপজেলার ১নং বুলাকিপুর ইউনিয়নের শালিকাদহ ঘাট এলাকায় এ অভিযান চালিয়ে তাদেরকে গ্রেপ্তার করা হয়েছে।
গ্রেপ্তারকৃতরা হলেন, ঘোড়াঘাট উপজেলার শালিকাদহ গ্রামের রবিউল ইসলাম (৩৩) ও চন্ডিদাসপুরের রেজাউল করিম (৩৫)। অন্যদিকে গ্রেপ্তারকৃত অন্য দুজন হলেন, রংপুরের পীরগঞ্জ উপজেলার জুনুদেপাড়ার আবেদ আলী (৬০) এবং ঠাকুরদাস লক্ষীপুরের সাদিকুল ইসলাম (৩৫)।
পুলিশ সূত্রে জানা গেছে, করতোয়া নদীর পাড়ে নিরিবিলি এলাকায় গোপনে ডাবুর আসর বসে আসছিল। রাত বাড়ার সাথে সাথে বিভিন্ন এলাকার লোকজন সেখানে এক্ষেত্রে হয়ে পাশা খেলে টাকা-পয়সা লেনদেন করতো। সোমবার রাতেও একইভাবে এ জুয়ার আসর চলছিল। জুয়াড়িরা গোল হয়ে বসে খেলায় মগ্ন ছিলেন।
গোপন সংবাদের ভিত্তিতে ঘোড়াঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শহিদুল ইসলামের নেতৃত্বে এক অভিযান পরিচালনা করা হলে সেখানে হুড়োহুড়ি শুরু করে অনেকে পাশা ও নগদ টাকা ফেলে পালানোর চেষ্টা করেন। তবে ঘটনাস্থল ৪ জনকে আটক করতে সক্ষম হয় পুলিশ। এ সময় অনেকে ঘটনাস্থল থেকে পালিয়ে যেতে সক্ষম হয়।
এ বিষয়ে ঘোড়াঘাট থানার ওসি শহিদুল ইসলাম জানান, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ঘটনাস্থল থেকে জুয়ার সরঞ্জাম সহ ৪ জনকে আটক করা হয়েছে। তবে ঘটনাস্থল থেকে কয়েকজন পালিয়ে যেতে সক্ষম হয়। এ ঘটনায় আটককৃত সহ অজ্ঞাত আরও ৮–১০ জনকে আসামি করে মামলা করা হয়েছে। আটককৃতদের উক্ত মামলায় গ্রেপ্তার দেখিয়ে মঙ্গলবার দিনাজপুর বিজ্ঞ আদালতে পাঠানো হবে।