ডেইলী নিউজ বাংলা ডেস্ক , আপলোডের সময় : শনিবার, ১৪ নভেম্বর, ২০২৬ , আজকের সময় : শনিবার, ১৪ নভেম্বর, ২০২৬

ডিমলায় সার ডিলারদের গোডাউন পরিদর্শন ও মজুদ যাচাই করলেন কৃষি মন্ত্রণালয়ের উপসচিব

(নীলফামারী) প্রতিনিধি: নীলফামারীর ডিমলা উপজেলায় সার ডিলারদের গোডাউন পরিদর্শন, মজুত পরিস্থিতি ও বিতরণ কার্যক্রম যাচাই করেছেন কৃষি মন্ত্রণালয়ের উপকরণ শাখার উপসচিব মো. মাকছুদুল ইসলাম। এ সময় তিনি সার কার্ডের মাধ্যমে কৃষকদের মধ্যে সার বিতরণ কার্যক্রম সরেজমিনে পর্যবেক্ষণ করেন এবং এ উদ্যোগের প্রশংসা করেন।

শনিবার (১৪ নভেম্বর) বিকেল ৪টার দিকে উপজেলার বালাপাড়া ইউনিয়নের মেসার্স নীলিমা এন্টারপ্রাইজ ও কালাম ট্রেডিংয়ের সরকারি সার ডিলার পয়েন্ট ও গোডাউন পরিদর্শন করা হয়।

পরিদর্শনকালে ডিলারদের ক্যাশমেমোতে সরকারি নির্ধারিত মূল্য, কৃষকের নাম, মোবাইল নম্বর, সারের পরিমাণ ও বিক্রির মাস উল্লেখ রয়েছে কি না, তা যাচাই করা হয়। পাশাপাশি বিক্রির তথ্য রেজিস্টারে যথাযথভাবে সংরক্ষণ করা হয়েছে কি না, সেটিও খতিয়ে দেখা হয়।

এ সময় কয়েকজন কৃষকের সঙ্গে মুঠোফোনে কথা বলে তাঁদের সার কেনার তথ্য যাচাই করা হয়। রেজিস্টারে সংরক্ষিত তথ্যের সঙ্গে গোডাউনের বাস্তব মজুত মিলিয়ে দেখা হয়। সরকারি নির্ধারিত মূল্যে সার বিক্রি এবং বিক্রির হিসাব সঠিকভাবে সংরক্ষণের বিষয়ে ডিলারদের প্রয়োজনীয় নির্দেশনা দেওয়া হয়।

এ সময় উপসচিব সার কার্ডের মাধ্যমে সার বিতরণ পদ্ধতি পর্যবেক্ষণ করেন। এ ব্যবস্থায় কৃষকের পরিচয় ও সার গ্রহণের তথ্য সংরক্ষণের মাধ্যমে বিতরণ কার্যক্রমে স্বচ্ছতা, শৃঙ্খলা ও জবাবদিহিতা নিশ্চিত করার উদ্যোগকে ইতিবাচক হিসেবে মূল্যায়ন করেন তিনি। একই সঙ্গে প্রকৃত কৃষকের কাছে নির্ধারিত বরাদ্দ অনুযায়ী সময়মতো সার পৌঁছে দেওয়ার ওপর গুরুত্বারোপ করা হয়।

পরিদর্শনকালে উপস্থিত ছিলেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের অতিরিক্ত উপপরিচালক (শস্য) মো. জাকির হোসেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. ইমরানুজ্জামান, উপজেলা কৃষি কর্মকর্তা (কৃষিবিদ) মীর হাসান আল বান্না, কৃষি সম্প্রসারণ কর্মকর্তা আ. ন. ম. শিবলী সাদিক এবং সংশ্লিষ্ট উপসহকারী কৃষি কর্মকর্তারা।

সার ডিলার পরিমল রায় ও আবুল কাশেম বলেন, ‘ডিমলায় সারের কোনো ঘাটতি নেই। পর্যাপ্ত সার মজুত রয়েছে। সরকারি নির্ধারিত মূল্যে কৃষকদের কাছে সার বিক্রি করা হচ্ছে। সরকারি ঘোষণা অনুযায়ী সাব-ডিলারদের কাছে কোনো সার বিক্রি করা হচ্ছে না।’

উপজেলা কৃষি কর্মকর্তা মীর হাসান আল বান্না বলেন, ‘কৃষকদের স্বার্থ রক্ষায় কৃষি বিভাগের এ ধরনের তদারকি কার্যক্রম অব্যাহত থাকবে। কোনো কৃষকের কাছে সরকারি নির্ধারিত মূল্যের চেয়ে বেশি দামে সার বিক্রির অভিযোগ পাওয়া গেলে সংশ্লিষ্ট ডিলারের বিরুদ্ধে নীতিমালা অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।’

কৃষকদের সারপ্রাপ্তি নিশ্চিত করা, সারের সুষম বণ্টন এবং বাজারে সরবরাহ ও মূল্য পরিস্থিতি স্বাভাবিক রাখতে ডিলার পয়েন্ট ও গোডাউন পর্যায়ে তদারকি কার্যক্রম অব্যাহত থাকবে বলে জানিয়েছে উপজেলা কৃষি অফিস।