কাজী মোস্তফা রুমি: টাঙ্গাইলের নাগরপুর উপজেলার ঐতিহ্যবাহী শিক্ষাপ্রতিষ্ঠান শহীদ ক্যাডেট স্কুলে উৎসবমুখর পরিবেশে বার্ষিক ক্লাস পার্টি-২০২৬ অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (১৬ নভেম্বর) সকাল ১১টায় বিদ্যালয় প্রাঙ্গণে আয়োজিত এ অনুষ্ঠানে শিক্ষার্থী, শিক্ষক-শিক্ষিকা ও অভিভাবকদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে সৃষ্টি হয় আনন্দঘন পরিবেশ।
পবিত্র কোরআন তিলাওয়াত ও গীতা পাঠের মধ্য দিয়ে অনুষ্ঠানের আনুষ্ঠানিক কার্যক্রম শুরু হয়। পরে পরিবেশন করা হয় জাতীয় সংগীত।
শহীদ ক্যাডেট স্কুলের পরিচালক সাবিনা ইয়াসমিনের সভাপতিত্বে অনুষ্ঠানে সঞ্চালনা করেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক মাসুদ রানা। এ সময় বিদ্যালয়ে কর্মরত সকল শিক্ষক-শিক্ষিকা, অধ্যয়নরত শিক্ষার্থী এবং তাদের অভিভাবকরা উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানের প্রথম পর্বে শিক্ষার্থীরা কবিতা আবৃত্তি, গান, নৃত্য, অভিনয় সহ নানা মনোজ্ঞ সাংস্কৃতিক পরিবেশনায় অংশগ্রহণ করে। তাদের প্রাণবন্ত পরিবেশনা উপস্থিত অতিথি ও অভিভাবকদের মুগ্ধ করে। পাশাপাশি আগত অভিভাবকরাও বিভিন্ন সাংস্কৃতিক কর্মকাণ্ডে অংশ নিয়ে অনুষ্ঠানকে আরও প্রাণবন্ত করে তোলেন।
অনুষ্ঠানের দ্বিতীয় পর্বে মধ্যাহ্নভোজের আয়োজন করা হয়। পরে সাংস্কৃতিক প্রতিযোগিতায় বিজয়ী শিক্ষার্থী ও অংশগ্রহণকারী অভিভাবকদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।
আনন্দ, উচ্ছ্বাস ও পারস্পরিক সৌহার্দ্যের মধ্য দিয়ে শহীদ ক্যাডেট স্কুলের বার্ষিক ক্লাস পার্টি-২০২৬-এর সমাপ্তি ঘটে।