ডেইলী নিউজ বাংলা ডেস্ক , আপলোডের সময় : সোমবার, ১২ অক্টোবর, ২০২৬ , আজকের সময় : সোমবার, ১২ অক্টোবর, ২০২৬

নাগরপুরে শারদীয় দুর্গাপূজা-২০২৬ উদযাপন উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

কাজী মোস্তফা রুমি: শারদীয় দুর্গাপূজা-২০২৬ সুষ্ঠু, শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে উদযাপনের লক্ষ্যে টাঙ্গাইলের নাগরপুরে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে।

আজ সোমবার (১২ অক্টোবর) বিকেলে নাগরপুর উপজেলা প্রশাসনের উদ্যোগে উপজেলা পরিষদ হলরুমে এ সভা অনুষ্ঠিত হয়।

নাগরপুর উপজেলা নির্বাহী অফিসার লিখন বনিকের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন টাঙ্গাইল-৬ (নাগরপুর-দেলদুয়ার) আসনের সংসদ সদস্য মোঃ রবিউল আওয়াল লাভলু।

সভায় আসন্ন দুর্গাপূজা নির্বিঘ্নে উদযাপনের লক্ষ্যে সার্বিক প্রস্তুতি, মণ্ডপগুলোর নিরাপত্তা, আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং পূজারীদের শান্তিপূর্ণভাবে ধর্মীয় আনুষ্ঠানিকতা পালনের পরিবেশ নিশ্চিত করার বিষয়ে আলোচনা হয়।

এসময় উপস্থিত ছিলেন নাগরপুর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আব্দুল কাদির, নাগরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জহুরুল ইসলাম, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মোঃ হাবিবুর রহমান হবি, বাংলাদেশ পূজা উদযাপন ফ্রন্ট নাগরপুর উপজেলা শাখার আহবায়ক বাবু শিব শংকর সূত্রধর, সদস্য সচিব ঝুটন কুমার সাহা প্রমুখ।

এছাড়া উপজেলার বিভিন্ন পূজামণ্ডপের পূজারি, স্থানীয় রাজনৈতিক নেতৃবৃন্দ এবং গণ্যমান্য ব্যক্তিবর্গ সভায় উপস্থিত ছিলেন।

সভায় আসন্ন শারদীয় দুর্গাপূজা সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে সম্পন্ন করতে সংশ্লিষ্ট সকলের পারস্পরিক সহযোগিতা ও সমন্বয়ের ওপর গুরুত্বারোপ করা হয়।

পাশাপাশি সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রেখে উৎসবের আনন্দ সবার মাঝে ছড়িয়ে দেওয়ার প্রত্যাশা ব্যক্ত করা হয়।