ডেইলী নিউজ বাংলা ডেস্ক , আপলোডের সময় : মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর, ২০২৬ , আজকের সময় : মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর, ২০২৬

পাওনা টাকা চাওয়ায় বাবা-ছেলে আহত

হাবিব হাসান,ভালুকা (ময়মনসিংহ): পাওনা ১ লাখ ২০ হাজার টাকা ফেরত চাওয়াকে কেন্দ্র করে ময়মনসিংহের ভালুকায় বাবা ও ছেলেকে কুপিয়ে ও পিটিয়ে আহত করার অভিযোগ উঠেছে। সোমবার সকালে উপজেলার ভরাডোবা ইউনিয়নের ভাটগাঁও এলাকার আলতা মার্কেটের সামনে এ ঘটনা ঘটে। আহতরা হলেন হেলাল মিয়া (৪৫) ও তাঁর ছেলে কবির হোসেন (৩০)। পরে স্থানীয় লোকজন তাঁদের উদ্ধার করে ভালুকা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন।

অভিযোগ সূত্রে জানা যায়, একই এলাকার লিয়াকত আলী হেলাল মিয়ার কাছ থেকে ১ লাখ ২০ হাজার টাকা হাওলাত নেন। দীর্ঘদিনেও টাকা ফেরত না দেওয়ায় কবিরের পরিবার স্থানীয় একটি বিদ্যালয়ের সভাপতির কাছে লিখিত অভিযোগ করে। এর পরিপ্রেক্ষিতে সোমবার সকালে পাওনা টাকা চাইলে লিয়াকত আলীসহ কয়েকজন দেশীয় অস্ত্র নিয়ে বাবা-ছেলের ওপর হামলা চালান বলে অভিযোগ করা হয়েছে।

অভিযোগে আরও বলা হয়, হামলার সময় কবির হোসেনের পকেটে থাকা ৪৭ হাজার টাকা নিয়ে যায় হামলাকারীরা।

এ ঘটনায় কবির হোসেন ছয়জনের নাম উল্লেখ করে এবং অজ্ঞাতনামা আরও ৩ থেকে ৪ জনের বিরুদ্ধে ভালুকা মডেল থানায় লিখিত অভিযোগ করেছেন।