ফিলিপনগরে ‘মেধাযাত্রা–২০২৬’, ৪৫০ শিক্ষার্থীর অংশগ্রহণ, সংবর্ধিত ৪০ কৃতী শিক্ষার্থী
দৌলতপুর (কুষ্টিয়া) প্রতিনিধিঃ
শিক্ষার্থীদের মেধা যাচাই, জ্ঞানচর্চায় উৎসাহ প্রদান এবং উচ্চশিক্ষায় সাফল্য অর্জনকারীদের স্বীকৃতি দিতে কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার ফিলিপনগরে অনুষ্ঠিত হয়েছে ‘মেধাযাত্রা–২০২৬ ও কৃতী শিক্ষার্থী সংবর্ধনা’।
বৃহস্পতিবার (২২ অক্টোবর) আয়োজিত এ অনুষ্ঠানে ছয়টি বিদ্যালয়ের ৪৫০ জন শিক্ষার্থী মেধাভিত্তিক কুইজ প্রতিযোগিতায় অংশ নেয়। পাশাপাশি বিভিন্ন পাবলিক বিশ্ববিদ্যালয়, মেডিকেল কলেজ ও প্রকৌশল বিশ্ববিদ্যালয়ে ভর্তির সুযোগ পাওয়া ৪০ জন কৃতী শিক্ষার্থীকে সংবর্ধনা ও পুরস্কার দেওয়া হয়।

ফিলিপনগর ছাত্রকল্যাণ পরিষদের উদ্যোগে পি.এস.এস. মাধ্যমিক বিদ্যালয় প্রাঙ্গণে সকাল ৮টায় অনুষ্ঠানের কার্যক্রম শুরু হয়।
আয়োজকদের লক্ষ্য, এ ধরনের উদ্যোগের মাধ্যমে শিক্ষার্থীদের মধ্যে জ্ঞানচর্চার আগ্রহ বাড়ানো, সুস্থ প্রতিযোগিতার মনোভাব তৈরি এবং উচ্চশিক্ষায় সাফল্য অর্জনে অন্যদের অনুপ্রাণিত করা।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দৌলতপুর উপজেলা বিএনপির সাবেক সহসভাপতি মো. শামীম রেজা (মোল্লা)। প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন ইসলামী বিশ্ববিদ্যালয় এর প্রকৌশল ও প্রযুক্তি অনুষদের সাবেক ডিন, ইইই বিভাগের অধ্যাপক ড. মো. নজিবুল হক। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ড. রওশন জামাল, আখতারুজ্জামান সজল, মোঃ আবজাউল আলম, ডা. আব্দুল হক তুরান, সুকর্ণ আহমেদ,
প্রকৌশলী মো: সাইফুল ইসলাম, প্রমুখ।
অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন জুবায়ের আরবাব মৃদুল এবং সঞ্চালনা করবেন মেহেদী হাসান রিমন। এ ছাড়া অনুষ্ঠানে দিকনির্দেশনা মূলক বক্তব্য প্রদান করেন প্রতিষ্ঠাকালীন সভাপতি মো: আফফান আলী, সাধারণ সম্পাদক প্রকৌশলী মোঃ মিজানুর রহমান জনি, বিভিন্ন পর্যায়ের বিশিষ্ট ব্যক্তিবর্গ, শিক্ষাবিদ, শিক্ষক, অভিভাবক ও আমন্ত্রিত অতিথিরা।
অনুষ্ঠান আয়োজন ও বাস্তবায়নে সহযোগিতাকারী ব্যক্তি, প্রতিষ্ঠান এবং অংশগ্রহণকারী শিক্ষার্থীদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছে আয়োজক সংগঠন ফিলিপনগর ছাত্রকল্যাণ পরিষদ। সংগঠনটির এ উদ্যোগকে শিক্ষার্থীদের মেধা বিকাশ, জ্ঞানচর্চা ও উচ্চশিক্ষায় আগ্রহ সৃষ্টির একটি ইতিবাচক প্রয়াস হিসেবে দেখা হচ্ছে।