ডেইলী নিউজ বাংলা ডেস্ক , আপলোডের সময় : মঙ্গলবার, ৪ আগস্ট, ২০২৬ , আজকের সময় : মঙ্গলবার, ৪ আগস্ট, ২০২৬

বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের ট্রেজারারের যশোর আঞ্চলিক কেন্দ্র পরিদর্শন ও মতবিনিময় সভা অনুষ্ঠিত

 যশোর, ৪ আগস্ট ২০২৬: বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের (বাউবি) মাননীয় ট্রেজারার অধ্যাপক ড. শেখ রফিকুল ইসলাম যশোর আঞ্চলিক কেন্দ্র পরিদর্শন করেছেন। মঙ্গলবার সকালে কেন্দ্রটির সভাকক্ষে কর্মকর্তা-কর্মচারীদের সাথে এক মতবিনিময় সভায় মিলিত হন তিনি।

​আঞ্চলিক পরিচালক সেখ সোহেল আহমেদের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাউবি’র আইকিউএসি পরিচালক অধ্যাপক ড. মোহাম্মদ জহির রায়হান।

প্রধান অতিথির বক্তব্যে অধ্যাপক ড. শেখ রফিকুল ইসলাম বলেন, “শিক্ষার্থীদের দোরগোড়ায় মানসম্মত শিক্ষা পৌঁছে দিতে আঞ্চলিক কেন্দ্রগুলোকে আরও কার্যকর, জবাবদিহিমূলক ও শিক্ষার্থীবান্ধব করতে হবে।” তিনি আর্থিক শৃঙ্খলা, সুশাসন ও প্রশাসনিক দক্ষতা বৃদ্ধির মাধ্যমে বাউবিকে আধুনিক ও সেবামুখী প্রতিষ্ঠানে পরিণত করতে সকলকে একসাথে কাজ করার আহ্বান জানান।

​সভায় কর্মকর্তা-কর্মচারীরা শিক্ষা কার্যক্রম, পরীক্ষা ও শিক্ষার্থীসেবা সংক্রান্ত নানা বিষয় তুলে ধরেন। অনুষ্ঠান শেষে মাননীয় ট্রেজারারকে সম্মাননা স্মারক প্রদান করা হয় এবং বাউবি’র ৩৩তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে প্রকাশিত ‘আলোকবর্তিকা’ ম্যাগাজিন অতিথিদের হাতে তুলে দেওয়া হয়।