বাঘায় খাদ্যবান্ধব কর্মসূচির চাল বিতরণে কারসাজির অভিযোগ, ৩০ কেজির স্থলে দেওয়া হচ্ছে ২৪-২৫ কেজি
বাঘা (রাজশাহী) প্রতিনিধি:
রাজশাহীর বাঘায় খাদ্যবান্ধব কর্মসূচির চাল বিতরণে ব্যাপক অনিয়মের অভিযোগ উঠেছে। সরকারি বরাদ্দ অনুযায়ী প্রতি কার্ডে ৩০ কেজি চাল দেওয়ার কথা থাকলেও সুবিধাভোগীদের দেওয়া হচ্ছে ২৪ থেকে ২৫ কেজি। এভাবে জনপ্রতি ৫ থেকে ৬ কেজি চাল কম দেওয়ার অভিযোগ উঠেছে মেসার্স নজরুল ট্রেডার্সের স্বত্বাধিকারী নজরুল ইসলামের বিরুদ্ধে। এ ঘটনায় চাল আত্মসাৎ ও কালোবাজারে বিক্রির অভিযোগ এনে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) বরাবর লিখিত অভিযোগ দিয়েছেন সাতজন সুবিধাভোগী।
সোমবার (১৬ নভেম্বর) ভুক্তভোগীরা এ লিখিত অভিযোগ দেন। অভিযোগের অনুলিপি রাজশাহী জেলা প্রশাসক ও বাঘা উপজেলা খাদ্য নিয়ন্ত্রকের কাছেও পাঠানো হয়েছে।
লিখিত অভিযোগে বলা হয়, দীর্ঘদিন ধরে ওই ডিলার ও তাঁর কর্মচারীরা সরকারি চাল বিতরণে অনিয়ম করে আসছেন। নিয়ম অনুযায়ী প্রতিটি কার্ডের বিপরীতে ৩০ কেজি চাল দেওয়ার কথা থাকলেও সেলাই করা বস্তা খুলে ওজন করার পর ২৪ থেকে ২৫ কেজি চাল দেওয়া হচ্ছে। সম্প্রতি কয়েকজন সুবিধাভোগী ব্যক্তিগতভাবে চাল ওজন করে প্রতিটি কার্ডে ৫ থেকে ৬ কেজি চাল কম পাওয়ার বিষয়টি নিশ্চিত হয়েছেন বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে।
অভিযোগকারীদের দাবি, এভাবে শত শত কার্ডধারীর প্রাপ্য চাল থেকে বিপুল পরিমাণ চাল আত্মসাৎ করে কালোবাজারে বিক্রি করা হচ্ছে। কেউ চাল কম দেওয়ার প্রতিবাদ করলে ডিলারের লোকজন অসদাচরণ করেন। এমনকি ভবিষ্যতে কার্ড বাতিল করে দেওয়ার হুমকিও দেওয়া হয় বলে অভিযোগ তাঁদের।
ভুক্তভোগীরা জানান, এতদিন তাঁরা চালের পরিমাণ যাচাই না করেই বাড়িতে নিয়ে যেতেন। তবে চাল হাতে নেওয়ার পর থেকেই পরিমাণে কম বলে তাঁদের সন্দেহ হতো। সম্প্রতি ওজন করে চাল কম পাওয়ার বিষয়টি নিশ্চিত হয়েছেন তাঁরা। তাঁদের ভাষ্য, “আমরা কখনো প্রতিবাদ করিনি। কিন্তু দিন দিন চাল কম দেওয়ার পরিমাণ বেড়েই চলেছে। গরিব মানুষের সব জায়গাতেই কষ্ট।”
অভিযোগপত্রে বিষয়টি সরেজমিনে তদন্ত করে অভিযুক্ত ডিলারের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ, প্রয়োজনে ডিলারশিপ বাতিল এবং প্রত্যেক সুবিধাভোগীকে নির্ধারিত পরিমাণ চাল বুঝিয়ে দেওয়ার দাবি জানানো হয়েছে।
এ ঘটনায় নাম প্রকাশে অনিচ্ছুক স্থানীয় নেতৃবৃন্দ তীব্র নিন্দা ও ক্ষোভ প্রকাশ করেছেন। তাঁরা অভিযোগের সুষ্ঠু তদন্ত করে দায়ীদের বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা নেওয়ার দাবি জানান।
তবে অভিযোগের বিষয়ে জানতে চাইলে অভিযুক্ত ডিলার নজরুল ইসলাম কোনো বক্তব্য দিতে রাজি হননি।
এ বিষয়ে বাঘা উপজেলা নির্বাহী কর্মকর্তা তকী ফয়সাল তালুকদার বলেন, “কয়েকজন ভুক্তভোগী এসেছিলেন। আমি তাঁদের অভিযোগ শুনেছি এবং তাঁরা লিখিত অভিযোগ দিয়েছেন। বিষয়টি গুরুত্বের সঙ্গে দেখা হচ্ছে। উপজেলা খাদ্য নিয়ন্ত্রকসহ সংশ্লিষ্টদের দায়িত্ব দেওয়া হয়েছে। তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় আইনগত পদক্ষেপ গ্রহণ করা হবে।”