ভেড়ামারায় অবৈধ বালু-মাটি উত্তোলন বন্ধে অভিযান, জব্দ ৪টি ব্যাটারি
হেলাল মজুমদার কুষ্টিয়া
কুষ্টিয়ার ভেড়ামারা উপজেলার বারোমাইলের জিন্নার ভাটা সংলগ্ন এলাকায় অবৈধভাবে বালু-মাটি উত্তোলন ও পরিবহনের বিরুদ্ধে অভিযান পরিচালনা করেছে উপজেলা প্রশাসন।
সোমবার (১৭ নভেম্বর) দুপুরে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ডা. গাজী আশিক বাহারের নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়। অভিযানের সময় প্রশাসনের উপস্থিতি টের পেয়ে সংশ্লিষ্ট ব্যক্তিরা ঘটনাস্থল থেকে পালিয়ে যায়।
অভিযানকালে ভেকু ও ড্রাম ট্রাকের মোট ৪টি ব্যাটারি জব্দ করা হয়। একই সঙ্গে অবৈধভাবে বালু-মাটি উত্তোলন ও পরিবহনে ব্যবহৃত সরঞ্জামাদি তাৎক্ষণিকভাবে অচল (ইমোবিলাইজ) করা হয়।
এ ঘটনায় মোবাইল কোর্ট মামলা নং-১২৯/২৬ এর মাধ্যমে বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন, ২০১০-এর ৭ক ধারার উপধারা (খ) অনুযায়ী জড়িতদের বিরুদ্ধে নিয়মিত মামলা দায়েরের জন্য ভেড়ামারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে (ওসি) নির্দেশ প্রদান করা হয়েছে।
অভিযানে ভেড়ামারা থানা পুলিশ সহযোগিতা করে। অবৈধভাবে বালু-মাটি উত্তোলন ও পরিবেশের ক্ষতি রোধে উপজেলা প্রশাসনের এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।