ডেইলী নিউজ বাংলা ডেস্ক , আপলোডের সময় : শুক্রবার, ৪ সেপ্টেম্বর, ২০২৬ , আজকের সময় : শুক্রবার, ৪ সেপ্টেম্বর, ২০২৬

ভেড়ামারায় অবৈধ বিড়ি কারখানায় অভিযানকালে হামলায় দুই কাষ্টমস কর্মকর্তা আহত, গাড়ি ভাংচুর

ভেড়ামারায় অবৈধ বিড়ি কারখানায় অভিযানকালে হামলায় দুই কাষ্টমস কর্মকর্তা আহত, গাড়ি ভাংচুর

হেলাল মজুমদার কুষ্টিয়া
কুষ্টিয়ায় গভীর রাতে অবৈধ বিড়ি কারাখানায় অভিযান চালাতে গিয়ে বিড়ি কারখানার মালিক পক্ষের সন্ত্রাসী-ক্যাডারদের হামলায় দুই কাষ্টমস কর্মকর্তা আহত হয়েছেন। ভাংচুর করা হয়েছে তাদের বহন করা গাড়ি। বুধবার দিবাগত রাত ৩টার দিকে ভেড়ামারা উপজেলার ধরমপুর ইউনিয়নের দক্ষিণ ভবানীপুর এলাকার বাঁধন বিড়ি কারখানায় অভিযান চালাতে গিয়ে এ হামলার শিকার হন রাজস্ব বিভাগের কর্মকর্তা-কর্মচারীরা। এ ঘটনায় অজ্ঞাতানামা ১০-১২ জনকে আসামি করে বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) দুপুরে ভেড়ামারা থানায় মামলা দায়ের করেছেন কাস্টমস, এক্সাইজ ও ভ্যাট সার্কেল কুষ্টিয়া-২ এর রাজস্ব কর্মকর্তা মো: ওমর ফারুক ভূইয়া। তবে এ রিপোর্ট লেখা পর্যন্ত পুলিশ হামলার সাথে জড়িত কাউকে আটক করতে পারেনি। রাজস্ব অফিস সূত্রে জানা যায়, ভেড়ামারার দক্ষিণ ভবানীপুর এলাকার বাঁধন বিড়ি নামের একটি অবৈধ বিড়ি কারখানা গড়ে উঠেছে। কারখানাটির মালিক বাঁধন দীর্ঘদিন ধরে সরকারি রাজস্ব ফাঁকি দিয়ে অবৈধভাবে বিড়ি কারখানাটি পরিচালনা করে আসছে। এমন তথ্যের ভিত্তিতে আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের অবহিত না করে অত্যন্ত গোপনে অভিযানটি পরিচালনা করার জন্য রাজস্ব বিভাগের ৮ জন কর্মকর্তা-কর্মচারি কুষ্টিয়া থেকে সেখানে রওনা দেন। মামলার এজাহারে উল্লেখ করা হয়েছে সহকারী রাজস্ব কর্মকর্তা ফিরোজ আহম্মেদ, আলী হোসেন সরকার, মো: আবদুল্লাহ মিয়া, রাহাত হোসেন, মো: আল আমিন, নজিবুল্লাহ এবং গাড়ি চালক মো: আবু হানিফসহ উপরোক্ত কর্মকর্তাগণ নিবারক কার্যক্রমে গাড়ি নং-(ঢাকা-মেট্রো-চ-১৫-৮৭৪৯) নিয়ে বের হই। বুধবার দিবাগত রাত ৩টার দিকে বাঁধন বিড়ি ফ্যাক্টরীর ১০০ গজ আগে পাকা রাস্তার উপর পৌছালে অজ্ঞাতনামা আসামীরা বেআইনী জনতাবদ্ধে মুখে গামছা বাধা অবস্থায় রাজস্ব বিভাগের গাড়ীর গতিরোধ করে সরকারি কাজে বাঁধা প্রদানের উদ্দেশ্যে ইট ও লাঠিসোটা দিয়ে গাড়ির উপর হামলা করে। তাদের নিক্ষেপিত ইটের আঘাতে তাদের ব্যবহৃত গাড়ির (ঢাকা মেট্রো-চ ১৫-৮৭৪৯) ডান পাশের হেডলাইট ও পিছনের গ্লাস এবং ডান পাশের গ্লাস ভেঙে যায়। আসামীদের নিক্ষেপিত এলোপাতাড়ি ইটের আঘাতে ফিরোজ আহম্মেদ  ও অপর কর্মকর্তাগণ আতঙ্কিত হয়ে পড়ে এবং প্রাণ বাঁচাতে রাস্তার পাশে একটা বাড়ির সামনে গাড়ির হেডলাইটসহ সকল লাইট জ্বালিয়ে সাইরেন বাজাতে থাকে। অজ্ঞাতনামা আসামীদের ইট ও লাঠিসোটার আঘাতে অভিযানকারীরা সামান্য আহত হয়। পরে ৯৯৯ এ ফোন দিলে প্রায় আধা ঘন্টা পর ভেড়ামারা থানা পুলিশ ঘটনাস্থলে এসে তাদেরকে উদ্ধার করেন। এ সময় অভিযানকারী দুজন কর্মকর্তা আহত হন। ভেড়ামারা থানার অফিসার ইনচার্জ (ওসি) জাহেদুর রহমান হামলার বিষয়টির সত্যতা নিশ্চিত করে জানান, এ ঘটনায় কাস্টমস কর্মকর্তা বৃহস্পতিবার থানায় মামলা দায়ের করেছেন। মামলা নং-৮। তবে এজাহারে কারোর নাম উল্লেখ করা হয়নি। পুলিশ এ ঘটনায় এখনো পর্যন্ত কোন আসামিকে গ্রেফতার করতে পারেনি।