ডেইলী নিউজ বাংলা ডেস্ক , আপলোডের সময় : শনিবার, ২১ নভেম্বর, ২০২৬ , আজকের সময় : শনিবার, ২১ নভেম্বর, ২০২৬

যশোর কোতয়ালী থানার ভিত্তিপ্রস্তর স্থাপন করলেন বিদ্যুৎ প্রতিমন্ত্রী

যশোর প্রতিনিধি: যশোর কোতয়ালী থানা ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়েছে। বাংলাদেশ পুলিশের ‘থানার প্রশাসনিক কাম ব্যারাক ভবন নির্মাণ’ শীর্ষক প্রকল্পের আওতায় শনিবার (২১ নভেম্বর) এ ভিত্তিপ্রস্তর স্থাপন ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ভিত্তিপ্রস্তর স্থাপন করেন যশোর-৩ আসনের সংসদ সদস্য ও বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত।

উপস্থিত ছিলেন যশোরের জেলা প্রশাসক মোহাম্মদ আশেক হাসান, পুলিশ সুপার সৈয়দ রফিকুল ইসলাম পিপিএম-সেবা, জেলা পরিষদের প্রশাসক দেলোয়ার হোসেন খান খোকন, জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা, স্থানীয় জনপ্রতিনিধি, গণ্যমান্য ব্যক্তিবর্গ ও সংশ্লিষ্ট অতিথিরা।

ভিত্তিপ্রস্তর স্থাপন শেষে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত বলেন, নতুন থানা ভবন নির্মাণের মাধ্যমে যশোর কোতয়ালী থানার প্রশাসনিক কার্যক্রম আরও গতিশীল, আধুনিক ও জনবান্ধব হবে। এর ফলে পুলিশি সেবা প্রদানের পরিবেশ উন্নত হবে এবং সাধারণ মানুষ আরও সহজে ও স্বাচ্ছন্দ্যে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সেবা গ্রহণ করতে পারবেন।

তিনি আরও বলেন, জনসাধারণের নিরাপত্তা নিশ্চিত করা এবং পুলিশি সেবার মানোন্নয়নে আধুনিক অবকাঠামো গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।