ডেইলী নিউজ বাংলা ডেস্ক , আপলোডের সময় : মঙ্গলবার, ২৩ জুন, ২০২৬ , আজকের সময় : মঙ্গলবার, ২৩ জুন, ২০২৬

রাজশাহী প্রেসক্লাব সাধারণ সম্পাদককে ঘিরে ষড়যন্ত্র, কল রেকর্ড কাটছাট করে অপপ্রচার!

রাজশাহী প্রেসক্লাব সাধারণ সম্পাদককে ঘিরে ষড়যন্ত্র, কল রেকর্ড কাটছাট করে অপপ্রচার!

রাজশাহী ব্যুরো: সম্প্রতি রাজশাহী প্রেসক্লাবের সাধারণ সম্পাদক গোলাম মোস্তফা মামুনের একটি ফোনালাপের আংশিক অডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে ভাইরাল করা হয়েছে। যা পরিকল্পিতভাবে তার ভাবমূর্তি ক্ষুণ্ন করতে এমন কাজ করা হয়েছে বলে অভিযোগ করা হয়েছে। ঘটনাটিকে কেন্দ্র করে রাজশাহীর সাংবাদিক সমাজ ও সুশীল সমাজের মধ্যে তীব্র প্রতিক্রিয়া সৃষ্টি হয়েছে। অপরদিকে ঘটনার প্রকৃত উদ্দেশ্য ও ষড়যন্ত্রের জাল ভেঙ্গেছে অভিযোগকারি ব্যবসায়ী মুরাদের স্ত্রী। মুরাদের স্ত্রী এ ঘটনাকে সুপরিকল্পিত ষড়যন্ত্র আখ্যা দিয়ে জড়িতদের চিহ্নিত করে আইনের আওতায় আনার দাবি জানিয়েছেন।

সোমবার (২২ জুন) ভাইরাল হওয়া সেই অডিও টি মুরাদের স্ত্রীর নজরে আসলে দ্রুত রাজশাহী প্রেসক্লাবে উপস্থিত হয়ে তিনি সাংবাদিকদের সামনে ঘটনার ব্যাখ্যা দেন। তিনি জানান, ‘রাজশাহীর দিনকাল’ নামে একটি ফেসবুক পেজসহ কয়েকটি আইডি থেকে গোলাম মোস্তফা মামুনের সঙ্গে এক ব্যক্তির ফোনালাপের যে অডিও প্রকাশ করা হয়েছে তা ভিত্তিহীন। আমি একজন অসহায় নারী হিসেবে সঠিক বিচারের আশায় রাজশাহী প্রেসক্লাবের সাধারণ সম্পাদক গোলাম মোস্তফা মামুন আংকেলের সাথে যোগাযোগ করি। তিনি আমার সমাধান করার জন্য মুলত আমার সাবেক স্বামী মুরাদের কথা বলেছেন। কিন্তু মুরাদ পরিকল্পিতভাবে সেটিকে অন্যভাবে উপস্থাপন করেছেন। এই মুরাদ অনেক নারীর জীবন নষ্ট করেছে। আমি তার সঠিক বিচার চাই।

স্ত্রীর এমন তথ্য পাওয়ার পর সাংবাদিকরা খোঁজ খবর জানতে পারে মুরাদ আলী নামে এক ব্যবসায়ী প্রথম স্ত্রী থাকা অবস্থায় অভিযোগকারি স্ত্রীকে বিয়ে করেন এবং বিয়ের মাত্র তিন মাসের মাথায় তাকে তালাক দেন। তালাকের পর নিয়মিত আর্থিক সহায়তা ও পরবর্তীতে এককালীন অর্থ প্রদানের আশ্বাস দিলেও তা বাস্তবায়ন করেননি। এ অবস্থায় গত ২৫ এপ্রিল রাজশাহী প্রেসক্লাবের সভাপতি ও সাধারণ সম্পাদক বরাবর লিখিত আবেদন করেন ভুক্তভোগী স্ত্রী। আবেদনে তিনি মুরাদ আলীর বিরুদ্ধে প্রতারণা, নকল মধু ও ঘি ব্যবসা পরিচালনা এবং একাধিক নারীর সঙ্গে প্রতারণামূলক সম্পর্ক গড়ার অভিযোগ এনে বিচার প্রার্থনা করেন। অভিযোগ পাওয়ার পর বিষয়টির খোঁজ খবর নেন প্রেসক্লাবের সাধারণ সম্পাদক গোলাম মোস্তফা মামুন।

অভিযোগের বিষয়ে কথা বলতে গিয়ে তিনি মুরাদ আলীকে তার সাবেক স্ত্রীর জন্য প্রতিশ্রুতীর অর্থ প্রদান এবং মানবিক বিবেচনায় ঈদ উপলক্ষে কিছু সহায়তা দেওয়ার অনুরোধ জানান। কিন্তু পুরো কথোপকথন প্রকাশ না করে শুধুমাত্র অর্থ প্রদানের প্রসঙ্গটি বিচ্ছিন্নভাবে প্রচার করা হয়েছে।

এ বিষয়ে গোলাম মোস্তফা মামুন বলেন, আমার ব্যক্তিগত, সামাজিক ও রাজনৈতিক গ্রহণযোগ্যতায় ঈর্ষান্বিত হয়ে একটি স্বার্থান্বেষী মহল পরিকল্পিতভাবে আমার সঙ্গে হওয়া কথোপকথনের অডিও কাটছাট করে প্রচার করছে। প্রকৃত ঘটনা আড়াল করে আমাকে সামাজিকভাবে হেয় করার চেষ্টা চলছে। আমি বিষয়টি আইনজীবীদের সঙ্গে আলোচনা করছি এবং জড়িতদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনি ব্যবস্থা গ্রহণ করব।

ঘটনাটি নিয়ে সাংবাদিক মহল ও সচেতন নাগরিকরা উদ্বেগ প্রকাশ করেছেন। তারা প্রকৃত ঘটনা উদঘাটন এবং অপপ্রচারের সঙ্গে জড়িতদের বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন।