নাজমুল সাভার আশুলিয়া প্রতিনিধি: পোশাক শ্রমিকদের বেতন বৃদ্ধির দাবিতে চতুর্থ দিনেও আশুলিয়ার জামগড়া ও ছয়তলাসহ আশপাশের এলাকায় বিশৃঙ্খলা সৃষ্টিকারীদের হামলার ভয়ে বেশিরভাগ পোশাক কারখানা সাধারণ ছুটি ঘোষণা করেছেন মালিক পক্ষ।
বুধবার (৪ নভেম্বর ২০২৬) সকাল ১০ টা থেকে ঢাকা জেলার আশুলিয়ার জামগড়া, ছয়তলা, নরসিংহপুর ও কাঠগড়াসহ বিভিন্ন এলাকায় বেতন বৃদ্ধির দাবিতে আন্দোলনে বিশৃঙ্খলা সৃষ্টিকারীদের হামলার ভয়ে মালিক পক্ষ তাদের কারখানা সাধারণ ছুটি ঘোষণা করেছেন বলে শ্রমিকরা জানায়।
এর আগে ঢাকা, গাজীপুর, মিরপুর ও নারায়ণগঞ্জসহ বিভিন্ন এলাকায় বেতন বৃদ্ধির দাবিতে শ্রমিক আন্দোলনকে কেন্দ্র করে বিশৃঙ্খলা সৃষ্টিকারী ৪০ জনকে গ্রেফতার করেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। গ্রেফতারকৃতরা কেউই শ্রমিক নয় বলে জানিয়েছেন ঢাকা রেঞ্জের ডিআইজি মুস্তাফিজুর রহমান।
গতকাল মঙ্গলবার (৩ নভেম্বর ২০২৬ইং) দুপুরে ঢাকা রপ্তানি প্রক্রিয়াকরণ অঞ্চল (ডিইপিজেড) ও আশুলিয়ার নরসিংহপুরে হামিম গ্রুপসহ বিভিন্ন শিল্পকারখানা পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।
ডিআইজি মুস্তাফিজুর রহমান বলেন, শ্রমিকদের ন্যায্য আন্দোলনের সুযোগ নিয়ে কিছু দুষ্কৃতিকারী শ্রমিকদের মধ্যে অনুপ্রবেশ করে বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা করছে। তাদের চিহ্নিত করতে পুলিশ কাজ করছে এবং প্রয়োজনীয় তথ্য-উপাত্ত সংগ্রহ করা হচ্ছে। আন্দোলনের নামে কোনো বহিরাগত বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা করলে তাদের আইনের আওতায় আনা হবে। এ সময় প্রকৃত শ্রমিকদেরও সতর্ক ও সচেতন থাকার আহ্বান জানানো হয়।
ঢাকা জেলা পুলিশ সুপার শামীমা পারভীন বলেন, দেশকে অস্থিতিশীল করার উদ্দেশ্যে বোরখা পরিহিত ও হেলমেটধারী চক্র শ্রমিকদের উস্কানি দিচ্ছ। কেউই আইনশৃঙ্খলা বাহিনীর উপর হামলা ও ভাংচুর লুটপাটসহ বিশৃঙ্খলা সৃষ্টি করলে তাদেরকে আটক করে আইনের আওতায় আনা হচ্ছে বলে পুলিশ জানায়।