ডেইলী নিউজ বাংলা ডেস্ক , আপলোডের সময় : শনিবার, ২৪ অক্টোবর, ২০২৬ , আজকের সময় : শনিবার, ২৪ অক্টোবর, ২০২৬

ষড়যন্ত্রমূলক ও মিথ্যা মামলায় গ্রেফতারের প্রতিবাদে এবং অবিলম্বে তাঁর নিঃশর্ত মুক্তির দাবিতে মানববন্ধন

কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার প্রাগপুর ইউনিয়নের পাকুড়িয়া এলাকার দারুল আবরার মাদ্রাসার শিক্ষক মো: সাঈদ হোসেন (নানু) (৪২)-কে ষড়যন্ত্রমূলক ও মিথ্যা মামলায় গ্রেফতারের প্রতিবাদে এবং অবিলম্বে তাঁর নিঃশর্ত মুক্তির দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ করেছে এলাকাবাসী।

​আজ (২২ অক্টোবর ২০২৬, বৃহস্পতিবার) সকালে পাকুড়িয়া গ্রামের সর্বস্তরের সচেতন জনগণের ব্যানারে আয়োজিত এই মানববন্ধনে শত শত স্থানীয় বাসিন্দা, মাদ্রাসার শিক্ষার্থী ও সচেতন এলাকাবাসী অংশ নেন।

​মানববন্ধনে বক্তব্য প্রদানকালে স্থানীয় গণ্যমান্য ব্যক্তি ও এলাকাবাসী ক্ষোভ প্রকাশ করে বলেন, “শিক্ষক মো: সাঈদ হোসেন (নানু) এলাকায় একজন অত্যন্ত সম্মানিত, সৎ ও নিরপরাধ ব্যক্তি হিসেবে পরিচিত। একটি কুচক্রী মহল সম্পূর্ণ ব্যক্তিগত আক্রোশ ও ষড়যন্ত্রের অংশ হিসেবে তাঁর বিরুদ্ধে মিথ্যা ও আপত্তিকর অভিযোগ এনে থানায় এজাহার দায়ের করেছে।”

​বক্তারা আরও দাবি করেন, গতকাল (২১ অক্টোবর) পুলিশের দায়ের করা মামলার তথ্যগুলো ভিত্তিহীন এবং উদ্দেশ্যপ্রণোদিত। সঠিক তদন্ত না করেই একজন শ্রদ্ধাভাজন শিক্ষককে এভাবে দ্রুত আটক করার ঘটনাটি অত্যন্ত দুঃখজনক। এই ষড়যন্ত্রের পেছনে থাকা মূল হোতাদের চিহ্নিত করে আইনের আওতায় আনার জোর দাবি জানান তাঁরা।

​এলাকাবাসীর পক্ষে মো: আবু সাঈদ নানু-কে স্ব-সম্মানে মুক্তির দাবি জানিয়ে বক্তারা বলেন, “আমরা এই মিথ্যা ও বানোয়াট মামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি। একজন সম্মানিত শিক্ষককে মিথ্যা অপবাদ দিয়ে পুরো সমাজকে কলঙ্কিত করা হচ্ছে। প্রশাসনকে অনুরোধ করব, বিষয়টি গভীরভাবে ও নিরপেক্ষভাবে তদন্ত করে সত্য উদঘাটন করা হোক এবং অবিলম্বে নির্দোষ শিক্ষক নানু ভাইকে মুক্তি দেওয়া হোক।”

​মানববন্ধনকারীরা সতর্ক করে বলেন, অনতিবিলম্বে যদি এই শিক্ষককে মুক্তি দেওয়া না হয় এবং তদন্তের নামে হয়রানি বন্ধ করা না হয়, তবে আগামীতে আরও কঠোর কর্মসূচি ঘোষণা করা হবে।

​উল্লেখ্য, গতকাল (২১ অক্টোবর) এক ছাত্রীর মায়ের লিখিত অভিযোগের ভিত্তিতে দৌলতপুর থানা পুলিশ শিক্ষক সাঈদ হোসেন নানুকে গ্রেফতার করে। তবে এই আটকের পরপরই পুরো এলাকাজুড়ে তীব্র অসন্তোষ ছড়িয়ে পড়ে এবং আজ এলাকাবাসী এই মিথ্যা মামলার প্রতিবাদে রাজপথে নেমে আসে।