ডেইলী নিউজ বাংলা ডেস্ক , আপলোডের সময় : বুধবার, ৪ নভেম্বর, ২০২৬ , আজকের সময় : বৃহস্পতিবার, ৫ নভেম্বর, ২০২৬

স্বেচ্ছায় রক্তদান ফাউন্ডেশন কুষ্টিয়ার ১১৭ সদস্যের নতুন কমিটি অনুমোদন

নিজস্ব প্রতিবেদক, কুষ্টিয়া: “অজুহাত নয়, অভিমান নয়, শত্রুর বিপদেও রক্ত দিতে হয়” —এই বার্তা ও প্রতিপাদ্যকে সামনে রেখে রক্তদানভিত্তিক অরাজনৈতিক মানবিক সংগঠন ‘স্বেচ্ছায় রক্তদান ফাউন্ডেশন কুষ্টিয়া’র ১১৭ সদস্য বিশিষ্ট নতুন পূর্ণাঙ্গ কমিটি অনুমোদন দেওয়া হয়েছে।

গত ১ নভেম্বর ২০২৬ (রবিবার) সংগঠনটির প্রতিষ্ঠাতা ও পরিচালক জামশেদ আহমেদ স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তির মাধ্যমে আগামী ৬ মাসের জন্য (১ মে ২০২৭ পর্যন্ত) এই কমিটির অনুমোদন প্রদান করা হয়।

নতুন গঠিত এই কমিটিতে সিনিয়র পরিচালক হিসেবে মোঃ প্রিন্স মুহাম্মদ বিপ্লব, সভাপতি হিসেবে মোঃ মেহেদী হাসান টনি এবং সাধারণ সম্পাদক হিসেবে মোঃ ইমরান হাসান সুমন দায়িত্ব পেয়েছেন।

সংগঠনের পরিচালনা পর্ষদ সূত্রে জানানো হয়, এই কমিটি আগামী মে ২০২৭ পর্যন্ত বহাল থাকবে। ‘স্বেচ্ছায় রক্তদান ফাউন্ডেশন কুষ্টিয়া’ একটি সম্পূর্ণ অরাজনৈতিক ও জনকল্যাণমুখী মানবিক সংগঠন। এখানে সেবার বিনিময়ে কোনরূপ আর্থিক লেনদেন করা হয় না। রক্তদানসহ মানবিক কাজের মাধ্যমে দেশ ও জাতির কল্যাণে যেন কাজ করে যাওয়া যায়, সেই আশাবাদ ব্যক্ত করেছেন পরিচালনা পর্ষদ ও সকল সদস্যবৃন্দ।

সংগঠনের নতুন সূচনা প্রসঙ্গে প্রতিষ্ঠাতা ও পরিচালক জামশেদ আহমেদ বলেন: “সংগঠন পরিচালনার ক্ষেত্রে পদের চেয়ে দায়িত্বপালনটাই আসল। যার যে দায়িত্ব, তা নিষ্ঠার সাথে পালন করার চেষ্টা করতে হবে। কাজ করা বা না করাটা একান্তই মনের ব্যাপার। সবাইকে একসাথে সুন্দর ও সুষ্ঠুভাবে কাজের মাধ্যমে সংগঠনের সুনাম বজায় রাখতে হবে।

আমরা চাই আমাদের প্রতিটি সদস্য যেন এক একজন সচেতন ও দায়িত্বশীল স্বেচ্ছাসেবী হিসেবে গড়ে ওঠেন।”বিজ্ঞপ্তিতে আরও উল্লেখ করা হয়, সংগঠনের মূল নীতি ও নিয়মের বাইরে গিয়ে কোনো কাজ করা হলে কিংবা সংগঠনের ভাবমূর্তি বিনষ্টের চেষ্টা করা হলে তার বিরুদ্ধে তাৎক্ষণিক সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে। প্রয়োজনে শৃঙ্খলা ভঙ্গকারীর বিরুদ্ধে আইনগত ব্যবস্থাও গ্রহণ করবে পরিচালনা পর্ষদ।

সংগঠনটি সামনের দিনগুলোতে সমাজসেবামূলক কাজ আরও গতিশীল করতে এবং মানবিক যাত্রায় সবাইকে পাশে পেতে কুষ্টিয়াবাসীসহ সকলের কাছে দোয়া ও সহযোগিতা কামনা করেছে।