এ জেড সুজন, লালপুর (নাটোর) প্রতিদিন: নাটোরের লালপুর উপজেলাধীন গ্রামীণ সড়ক মেরামত ও সংরক্ষণ প্রকল্পের আওতায় লালপুর থেকে ভায়া বিলমাড়িয়া, দুড়দুড়িয়া গ্রামীণ সড়কের ৩.৬০ কিলোমিটার রাস্তা মেরামতের কাজ শুরু হয়েছে। শুরু থেকেই রাস্তার কাজে ব্যাপক অনিয়মের অভিযোগ উঠেছে। এ রাস্তায় চূড়ান্ত কাজের পূর্বের ধাপগুলোতে নিন্মমানের নির্মাণ সামগ্রী ব্যবহার করা হচ্ছে বলে জানায় এলাকাবাসী।
৩.৬০ কিলোমিটার এর পুরো রাস্তার ভাঙ্গা এবং নিচু স্থানে এক নাম্বার ইট ও এক নাম্বার ইটের খোয়া ব্যবহার করার কথা থাকলেও খুব নিন্মমানের ইট ও রাস্তার ভেঙে যাওয়া ইট, রাবিশ ব্যবহার করে রোলার করা হচ্ছে। কিন্তু রাস্তা মেরামতের এস্টিমেট এ উল্লেখিত নির্মাণসামগ্রী ভেঙ্গে যাওয়া কিংবা নিচু স্থানে ব্যবহার করা হচ্ছে না। আবার রাস্তাটি ভেজাতে যে পরিমাণ পানি ব্যবহার করার কথা তাও করা হচ্ছে না। সরোজমিনে রাস্তারটিতে যেয়ে উপরোক্ত অনিয়মগুলো চোখে পড়ে। শুধু তাই নয়; শুকনো রাস্তায় কাটব্যাক এর কাজ করার নিয়ম থাকলেও তা না করে করা হচ্ছে ভেজা এবং কাদাযুক্ত রাস্তায়। লালপুর উপজেলার এলজিইডি অফিসের তদারকী কর্মকর্তার মো: ইকবাল হোসেনের উপস্থিতিতে রাস্তার কাজে অনিয়ম হলেও তাকে কোনো ব্যবস্থা গ্রহণ করতে দেখা যায়নি।
এলাকাবাসী জানিয়েছেন, এত নিম্নমানের সামগ্রী দিয়ে এই রাস্তা করতেছে তা বলার ভাষা নেই পানি দিচ্ছে নাই, খোয়া দিচ্ছে নাই খোয়া যা দিচ্ছে সব রাবিশ দিয়ে চলছে কাজ। আমরা এ বিষয়ে একাধিকবার অভিযোগ দিলেও কোন ব্যবস্থা মিলে নাই আমরা দেখছি ঠিকাদার ও ইঞ্জিনিয়ার এর যোগ সূত্রে এই রাস্তাটি খারাপ হচ্ছে।
২০২৫-২০২৬ অর্থবছরে অনুমোদিত মেরামত ও সংরক্ষণ এর জন্য এই রাস্তাটির প্রাক্কলিত মূল্য ধরা হয়েছে প্রায় দেড় কোটি টাকা। লালপুরের ঠিকাদার রাজিব কন্সট্রাকশন রাস্তা মেরামত ও সংরক্ষণ এ কাজটি পেলেও কাজ করছেন আনিস কনস্ট্রাকশনের মাসুদ রানা। ঠিকাদারী প্রতিষ্ঠানের পক্ষে মাসুদ সাথে কথা হলে তিনি জানান, রাস্তাটি মেরামতের শিডিউলে ভাঙ্গা কিম্বা নিচু অংশের জন্য বাজেট না থাকায় খরচ কমাতে এভাবেই করছি।
বিষয়টি নিয়ে উপজেলা এলজিইডি অফিসের তদারকি কর্মকর্তা উপ-সহকারী প্রকৌশলী ইকবালকে একাধিক বার তার মুঠোফোনে ফোন দিলে তিনি ফোন রিসিভ করেননি।
নাটোর এলজিইডির নির্বাহী প্রকৌশলী মো: ইকবাল হোসেন বলেন, রাস্তার কাজে অনিয়ম করার কোনো সুযোগ নেয়। অভিযোগের ব্যাপারটি আমি খতিয়ে দেখব। গ্রামীণ গুরুত্বপূর্ণ এই রাস্তাটির সংস্কার কাজে অনিয়ম মানতে নারাজ স্থানীয় এলাকাবাসী। নিয়ম অনুযায়ী রাস্তার কাজটি ভালো ভাবে সম্পন্ন করবেন সংশ্লিষ্টরা এমনটাই প্রত্যাশা করেন তারা।
ডেইলী নিউজ বাংলা ডেস্ক 








