ডেইলী নিউজ বাংলা ডেস্ক , আপলোডের সময় : বুধবার, ১৯ আগস্ট, ২০২৬ , আজকের সময় : বুধবার, ১৯ আগস্ট, ২০২৬

ভেড়ামারায় স্কাউটিং ও কাবিং কার্যক্রম গতিশীল করতে চার ইউনিট পরিদর্শন

ভেড়ামারায় স্কাউটিং ও কাবিং কার্যক্রম গতিশীল করতে চার ইউনিট পরিদর্শন

মিজানুর রহমানঃ
স্কাউটিং ও কাবিং কার্যক্রমকে আরও গতিশীল, কার্যকর ও সম্প্রসারণের লক্ষ্যে বাংলাদেশ স্কাউটস, কুষ্টিয়া জেলার উদ্যোগে বিভিন্ন উপজেলা পরিদর্শন কার্যক্রমের অংশ হিসেবে ভেড়ামারা উপজেলার চারটি স্কাউট ও কাব ইউনিট পরিদর্শন করা হয়েছে।
বুধবার (১৯ আগস্ট ২০২৬) দিনব্যাপী এ পরিদর্শন কার্যক্রম অনুষ্ঠিত হয়। ধারাবাহিক উপজেলা পরিদর্শন কর্মসূচির এটি ছিল পঞ্চম দিন।
পরিদর্শন কার্যক্রমে নেতৃত্ব দেন বাংলাদেশ স্কাউটস, কুষ্টিয়া জেলার জেলা কমিশনার মো. জাকারিয়া, জেলা সম্পাদক আশরাফুল হক এবং জেলা স্কাউট লিডার আব্দুর রহিম।

পরিদর্শনকারী টিম বাংলাদেশ স্কাউটস ভেড়ামারা উপজেলা কমিশনার ও মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা ফারুক আহমেদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময় করেন। এ সময় ভেড়ামারা উপজেলার শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে স্কাউটিং কার্যক্রম আরও গতিশীল, কার্যকর ও সম্প্রসারণের লক্ষ্যে বিভিন্ন বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়। পাশাপাশি ইউনিটগুলোর কার্যক্রমে বিদ্যমান সমস্যা ও সম্ভাবনা নিয়ে মতবিনিময় এবং ভবিষ্যৎ কর্মপরিকল্পনা নিয়েও আলোচনা হয়।

পরিদর্শনকালে সংশ্লিষ্ট চারটি ইউনিটের স্কাউটিং ও কাবিং কার্যক্রম, ইউনিট পরিচালনা, সদস্যদের অংশগ্রহণ, প্রশিক্ষণ এবং সাংগঠনিক কার্যক্রমসহ বিভিন্ন বিষয় পর্যবেক্ষণ করা হয়। একই সঙ্গে স্কাউট ও কাব সদস্যদের নিয়মিত কার্যক্রম আরও সক্রিয় ও গতিশীল করার বিষয়ে প্রয়োজনীয় দিকনির্দেশনা দেওয়া হয়।
কর্মসূচির অংশ হিসেবে চারটি ইউনিটে বৃক্ষরোপণ অভিযান পরিচালনা করা হয়। পরিবেশ সংরক্ষণ, সবুজায়ন এবং শিক্ষার্থীদের মধ্যে পরিবেশ সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে স্কাউট ও কাব সদস্যদের অংশগ্রহণে বিভিন্ন ধরনের গাছের চারা রোপণ করা হয়।
বাংলাদেশ স্কাউটস, কুষ্টিয়া জেলার কর্মকর্তারা বলেন, উপজেলা পর্যায়ে নিয়মিত ইউনিট পরিদর্শনের মাধ্যমে স্কাউটিং ও কাবিং কার্যক্রমের বাস্তব অবস্থা পর্যবেক্ষণ, সমস্যা চিহ্নিতকরণ এবং প্রয়োজনীয় সহযোগিতা নিশ্চিত করা হচ্ছে। এর মাধ্যমে শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে স্কাউটিং কার্যক্রম আরও শক্তিশালী ও কার্যকর হবে।
স্কাউটিংয়ের মাধ্যমে শিক্ষার্থীদের মধ্যে শৃঙ্খলা, নেতৃত্বগুণ, মানবিকতা, দেশপ্রেম, সামাজিক দায়িত্ববোধ ও পরিবেশ সচেতনতা গড়ে তোলার পাশাপাশি তাদের সুনাগরিক হিসেবে গড়ে তোলার লক্ষ্যেও এ ধরনের কার্যক্রম গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে সংশ্লিষ্টরা জানান।
পরিদর্শন ও বৃক্ষরোপণ কর্মসূচিতে সংশ্লিষ্ট ইউনিট লিডার, শিক্ষক, স্কাউট ও কাব সদস্যরা অংশগ্রহণ করেন।