যশোর, প্রতিনিধি: যশোরের কেশবপুরে তিন দিনব্যাপী জাতীয় মৎস্য সপ্তাহ-২০২৬-এর সমাপনী দিনে আলোচনা সভা ও চিত্রাঙ্কন প্রতিযোগিতায় বিজয়ী শিশুদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়েছে।
সোমবার (১৮ আগস্ট) সকাল ১০টায় উপজেলা হলরুমে এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা সুদীপ বিশ্বাস।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) কাজী মো. মেশকাতুল ইসলাম।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রেসক্লাব কেশবপুরের সভাপতি ও দৈনিক আমার দেশ-এর প্রতিনিধি ওয়াজেদ খান ডাবলু, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা আনজু মনোয়ারা, সমবায় কর্মকর্তা নাসিমা আক্তার, প্রেসক্লাব কেশবপুরের সাধারণ সম্পাদক এনামুল হাসান, নিউজ ক্লাবের সাধারণ সম্পাদক হারুনুর রশীদ বুলবুল ও সাংবাদিক উৎপল দে।
আলোচনা সভায় বক্তারা দেশের মৎস্যসম্পদ রক্ষা, মাছের উৎপাদন বৃদ্ধি, নিরাপদ মাছ উৎপাদন এবং মৎস্য খাতের উন্নয়নে সরকারের বিভিন্ন উদ্যোগের কথা তুলে ধরেন। একই সঙ্গে জলাশয় সংরক্ষণ ও মাছের প্রজনন মৌসুমে অবৈধভাবে মাছ শিকার বন্ধে সবাইকে সচেতন হওয়ার আহ্বান জানান।
পরে জাতীয় মৎস্য সপ্তাহ উপলক্ষে আয়োজিত চিত্রাঙ্কন প্রতিযোগিতায় বিজয়ী শিশুদের হাতে পুরস্কার তুলে দেওয়া হয়। অনুষ্ঠানে মৎস্য বিভাগের কর্মকর্তা-কর্মচারী, সাংবাদিক, বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ ও স্থানীয়রা উপস্থিত ছিলেন।
ডেইলী নিউজ বাংলা ডেস্ক 




















