কুষ্টিয়া-১ আসনে জামায়াতের শক্তিশালী শোডাউন- দাঁড়িপাল্লায় ভোট চেয়ে বিশাল মোটরসাইকেল র্যালি
নিজস্ব প্রতিনিধিঃ আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে কুষ্টিয়া-১ (দৌলতপুর) আসনে রাজনৈতিক উত্তাপ ক্রমেই বাড়ছে। এই আসনে জামায়াত-e-ইসলামী মনোনীত সংসদ সদস্য প্রার্থী উপাধ্যক্ষ মাওলানা বেলাল উদ্দিন শুক্রবার বাদ জুমা এক বিশাল মোটরসাইকেল শোভাযাত্রার আয়োজন করে নির্বাচনী মাঠে ব্যাপক আলোচনার জন্ম দিয়েছেন।
হাজারো মোটরসাইকেলে প্রদক্ষিণ পুরো দৌলতপুর
দৌলতপুর পাইলট সরকারি মাধ্যমিক বিদ্যালয় চত্বর থেকে শোভাযাত্রাটি শুরু হয়। রিফাইতপুর, আল্লারদর্গা, তারাগুনিয়া, মথুরাপুর ও ডাঙ্গের বাজারসহ উপজেলার গুরুত্বপূর্ণ সড়কসমূহ প্রদক্ষিণ করে বিশাল বহরটি দৌলতপুর থানার সামনে গিয়ে শেষ হয়।
শোভাযাত্রায় অংশ নেয় বিভিন্ন ইউনিয়ন থেকে আগত জামায়াতের নেতাকর্মী ও সমর্থকরা। পথজুড়ে হাজারো মোটরসাইকেলের গর্জন আর ব্যানার–পোস্টারে শোভিত বহরের দৃশ্য ছিল উৎসবমুখর। সড়কের দু’পাশে দাঁড়িয়ে থাকা পথচারী, ব্যবসায়ী ও সাধারণ মানুষ হাত নেড়ে শুভেচ্ছা জানান শোভাযাত্রায় অংশগ্রহণকারীদের।
শৃঙ্খলাপূর্ণ বহর, জাতীয় ও দলীয় পতাকায় সজ্জা
মোটরসাইকেল বহরটি জাতীয় পতাকা, দলীয় পতাকা ও বিভিন্ন স্লোগানসংবলিত ব্যানার-পোস্টারে সজ্জিত ছিল। পুরো শোডাউনের সময় শৃঙ্খলা বজায় রাখার জন্য প্রার্থীর স্বেচ্ছাসেবক টিম সমন্বয় করে দায়িত্ব পালন করে।
বেলাল উদ্দিনের বক্তব্য: ‘জনগণের ভোটেই হবে দৌলতপুরের পরিবর্তন’
শোভাযাত্রা শেষে উপাধ্যক্ষ মাওলানা বেলাল উদ্দিন কর্মী-সমর্থকদের উদ্দেশে বলেন—“আমাদের লক্ষ্য দৌলতপুরকে নৈতিক, শান্তিপূর্ণ ও উন্নত শহরে পরিণত করা। জনগণের ভোটের মাধ্যমে আমরা গণতন্ত্র, ন্যায়বিচার ও ইসলামী মূল্যবোধ প্রতিষ্ঠা করতে চাই। আল্লাহর আইন ও সৎ লোকের শাসন প্রতিষ্ঠিত হলে ৫ বছরের মধ্যেই দেশ সন্ত্রাস, দুর্নীতি, ক্ষুধা ও দারিদ্র্যমুক্ত হতে পারে।”
তিনি তরুণদের ভূমিকা সম্পর্কে বলেন—“তরুণরাই আমাদের সবচেয়ে বড় শক্তি। তারা পরিবর্তনের দূত হয়ে উঠেছে। আমি বিশ্বাস করি, এবার দৌলতপুরবাসী সত্যিকারের জনগণের প্রতিনিধিকে বেছে নেবেন। নির্বাচিত হলে কাউকে এমপি ডাকতে হবে না—সবাই আমাকে বেলাল ভাই বলেই ডাকবেন।”
শোডাউনকে কেন্দ্র করে জামায়াত নেতাকর্মীদের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা লক্ষ্য করা যায়। শহর জামায়াতের সেক্রেটারি অধ্যক্ষ সুজা উদ্দিন জোয়ারদার বলেন—
“আজকের শোডাউন প্রমাণ করেছে দৌলতপুরের মানুষ উপাধ্যক্ষ মাওলানা বেলাল উদ্দিনের নেতৃত্বে ঐক্যবদ্ধ। ইনশাআল্লাহ এ নির্বাচনে আমরা বিজয়ী হব।”
শোভাযাত্রায় জেলা জামায়াতের প্রশিক্ষণ সম্পাদক মাহবুব মাজহার, বিভিন্ন ইউনিয়নের বিশিষ্ট নেতা–কর্মীসহ বিপুলসংখ্যক সমর্থক উপস্থিত ছিলেন।