দৌলতপুরে তালাবদ্ধ কক্ষে ট্রাকচালকের গলিত মরদেহ উদ্ধার

দৌলতপুর (কুষ্টিয়া)প্রতিনিধিঃ
কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার খলিশাকুন্ডি বাজার এলাকায় একটি ভাড়া বাসার তালাবদ্ধ কক্ষ থেকে উজ্জ্বল হোসেন (৩৫) নামে এক ট্রাকচালকের গলিত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) বিকেলে এ ঘটনা ঘটে।
নিহত উজ্জ্বল হোসেন গাংনী উপজেলার বাওট গ্রামের ইমাম হোসেনের ছেলে। তিনি প্রায় দেড় বছর ধরে খলিশাকুন্ডি এলাকায় আসাদুল ইসলামের বাড়ির দ্বিতীয় তলায় ভাড়া থাকতেন।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, উজ্জ্বল হোসেন ওই বাসায় একাই বসবাস করতেন। মাঝে মধ্যে তাঁর ট্রাকের হেলপাররা সেখানে আসতেন।
 বাড়ির মালিক জানান, চলতি মাসের ১০ তারিখে উজ্জ্বলের সঙ্গে তাঁর সর্বশেষ কথা হয়। সে সময় তিনি ৩ হাজার টাকা বকেয়া ভাড়া পরিশোধ করেন। এরপর থেকে তাঁর আর কোনো খোঁজ পাওয়া যাচ্ছিল না।
মঙ্গলবার বিকেলে ভাড়া করা কক্ষ থেকে তীব্র দুর্গন্ধ বের হলে বাড়ির মালিকের সন্দেহ হয়। পরে তিনি দৌলতপুর থানা পুলিশকে বিষয়টি জানান। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে কক্ষের তালা ভেঙে বিছানার ওপর লেপ দিয়ে মোড়ানো অবস্থায় উজ্জ্বলের গলিত মরদেহ উদ্ধার করে।
পুলিশের প্রাথমিক ধারণা, প্রায় এক সপ্তাহ আগে তাঁকে হত্যা করে দুর্বৃত্তরা পালিয়ে গেছে। মরদেহটি পচে বিকৃত হয়ে যাওয়ায় মৃত্যুর সঠিক কারণ জানতে ময়নাতদন্তের ওপর গুরুত্ব দেওয়া হচ্ছে।
দৌলতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আরিফুর রহমান বলেন, “বাড়ির মালিকের দেওয়া তথ্যের ভিত্তিতে আমরা ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করি। ধারণা করা হচ্ছে কয়েকদিন আগেই তাঁর মৃত্যু হয়েছে। ময়নাতদন্তের জন্য লাশ মর্গে পাঠানোর প্রস্তুতি চলছে। এটি হত্যাকাণ্ড কি না, তা তদন্ত করে দেখা হচ্ছে।”
এ ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। পুলিশ ঘটনার রহস্য উদ্ঘাটনে কাজ শুরু করেছে।