মামলা না তোলায় সাক্ষীর ওপর হামলা, দৌলতপুরে উত্তেজনা

দৌলতপুর (কুষ্টিয়া) প্রতিনিধি:
দৌলতপুর উপজেলায় জোড়া হত্যাকাণ্ডের মামলা প্রত্যাহার না করায় বাদীপক্ষের এক সাক্ষীর ওপর সশস্ত্র হামলার অভিযোগ উঠেছে। হামলায় আসমত গাইন (৫৫) নামে এক ব্যক্তি গুরুতর আহত হয়েছেন। তিনি বর্তমানে কুষ্টিয়া সদর হাসপাতাল-এ চিকিৎসাধীন।

শনিবার সন্ধ্যায় উপজেলার আড়িয়া ইউনিয়নের ছাতারপাড়া গ্রামে নিহতদের বাড়িতে এ হামলার ঘটনা ঘটে। স্থানীয়দের দাবি, দেশীয় অস্ত্রসহ একদল দুর্বৃত্ত বাড়িতে ঢুকে হামলা চালায়। এতে আসমত গাইন গুরুতর জখম হন।

স্থানীয় সূত্রে জানা যায়, ২০২৪ সালের ৩০ অক্টোবর ছাতারপাড়া বাজারে পূর্ব বিরোধের জেরে প্রতিপক্ষের হামলায় আপন দুই ভাই নিহত হন। নিহতরা হলেন হামিদুল ইসলাম (৪৮) ও তাঁর ছোট ভাই নজরুল ইসলাম (৪৫)। তারা ছাতারপাড়া এলাকার বেগুনবাড়িয়া গ্রামের মৃত রমজান আলীর ছেলে। ওই ঘটনায় আরও দুজন আহত হন, যাদের মধ্যে আসমত গাইনও ছিলেন। পরবর্তীতে এ ঘটনায় একটি হত্যা মামলা দায়ের করা হয়।

এলাকাবাসীর অভিযোগ, রাজনৈতিক পটপরিবর্তনের পর গাইন বংশের লোকজন কিছুটা কোণঠাসা হয়ে পড়েন। সেই জোড়া হত্যার মামলা তুলে নিতে বাদীপক্ষকে বিভিন্নভাবে চাপ দেওয়া হচ্ছিল। মামলা প্রত্যাহার না করায় সাক্ষী আসমত গাইনের ওপর হামলা চালানো হয়েছে।

আহত আসমতের ভাতিজা সজিব হোসেন বলেন, “ইফতারের আগে একদল অস্ত্রধারী আমাদের বাড়িতে হামলা করে। আমার চাচাকে কুপিয়ে গুরুতর আহত করা হয়েছে। তিনি আগের জোড়া হত্যাকাণ্ডের মামলার অন্যতম সাক্ষী।”

এ বিষয়ে দৌলতপুর থানা-র ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আরিফুর রহমান বলেন, “পূর্বের জোড়া খুনের ঘটনায় এলাকায় উত্তেজনা রয়েছে। আহত ব্যক্তিকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন রয়েছে।
ঘটনার পর এলাকায় উত্তেজনা বিরাজ করছে।