রাজশাহীর শীর্ষ সংবাদের উদ্যোগে ইফতার মাহফিল ও দোয়া মোনাজাত অনুষ্ঠিত

রাজশাহী ব্যুরো: পবিত্র মাহে রমজান উপলক্ষে ইফতার মাহফিল ও দোয়া মোনাজাতের আয়োজন করেছে অনলাইন সংবাদমাধ্যম “রাজশাহীর শীর্ষ সংবাদ”।
শনিবার (২৪ রমজান) মহানগরীর বাজে কাজলা এলাকায় এই ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। এতে বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক ব্যক্তিবর্গসহ আমন্ত্রিত অতিথিরা অংশ নেন।
অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মতিহার থানা জামায়াতের সেক্রেটারি মোঃ রফিকুল ইসলাম মন্ডল, মতিহার থানা যুব বিভাগের সভাপতি আফজাল হোসাইন, জামায়াতে ইসলামী বাংলাদেশের ২৮ নং ওয়ার্ড জামায়াতের সভাপতি আরিফ হোসেন এবং ওয়ার্ড জামায়াতের সেক্রেটারি আবু সাইদ।

ইফতার পূর্ব আলোচনায় বক্তারা পবিত্র মাহে রমজানের তাৎপর্য ও ফজিলত তুলে ধরেন এবং “রাজশাহীর শীর্ষ সংবাদ”–এর উত্তরোত্তর সাফল্য কামনা করেন। তারা বলেন, গণমাধ্যম একটি রাষ্ট্রের গুরুত্বপূর্ণ স্তম্ভ এবং সমাজের দর্পণ। কিন্তু বিগত সময়গুলোতে গণমাধ্যমের একটি অংশকে সরকারের পক্ষপাতমূলক অবস্থানে কাজ করতে দেখা গেছে, যার ফলে জনগণের আস্থায় কিছুটা ঘাটতি তৈরি হয়েছে।
বক্তারা আশা প্রকাশ করে বলেন, সকল প্রতিবন্ধকতা অতিক্রম করে “রাজশাহীর শীর্ষ সংবাদ” ভবিষ্যতে বস্তুনিষ্ঠ ও সাহসী সাংবাদিকতার মাধ্যমে মানুষের আস্থা অর্জন করবে এবং সাধারণ মানুষের কথা তুলে ধরবে।
এ সময় পত্রিকাটির সম্পাদক সানোয়ার রহমান আরিফ বলেন, গণতান্ত্রিক রাজনৈতিক ব্যবস্থা শক্তিশালী করা এবং রাষ্ট্রীয় উন্নয়নের ধারায় জনগণের পক্ষে কাজ করাই এই সংবাদমাধ্যমের লক্ষ্য। সত্য উদঘাটনে এই পত্রিকা ভবিষ্যতেও আপসহীন থাকবে বলেও তিনি উল্লেখ করেন।
তিনি আরও বলেন, আগামী দিনে দেশের বিভিন্ন গুরুত্বপূর্ণ ইস্যুতে এই সংবাদমাধ্যম অগ্রণী ভূমিকা রাখতে চায়। এজন্য সমাজের সর্বস্তরের মানুষের সহযোগিতা ও দোয়া কামনা করেন তিনি।
অনুষ্ঠান শেষে দেশ, জাতি ও মুসলিম উম্মাহর শান্তি, সমৃদ্ধি ও কল্যাণ কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়।