এ জেড সুজন, লালপুর (নাটোর) প্রতিনিধি : নাটোরের লালপুর উপজেলায় মোটরসাইকেলের জ্বালানি (তেল) সংকট নিয়ে চরম হতাশা বিরাজ করছে। উপজেলার বিভিন্ন এলাকায় হঠাৎ করেই মোটরসাইকেলের জন্য প্রয়োজনীয় জ্বালানি সহজে পাওয়া যাচ্ছে না বলে অভিযোগ করছেন চালকরা। স্থানীয়দের অভিযোগ, অনেক পেট্রোলপাম্পে মোটরসাইকেলের জন্য পর্যাপ্ত তেল সরবরাহ না থাকায় চালকদের দীর্ঘ সময় অপেক্ষা করতে হচ্ছে। আবার কোথাও কোথাও নির্ধারিত সময়ের আগেই তেল শেষ হয়ে যাওয়ায় অনেকেই খালি হাতে ফিরতে বাধ্য হচ্ছেন।

মোটরসাইকেল চালকদের ভাষ্য, দৈনন্দিন যাতায়াত, ব্যবসা-বাণিজ্য এবং জরুরি কাজে মোটরসাইকেল ব্যবহার করলেও জ্বালানি সংকটের কারণে তারা চরম দুর্ভোগে পড়েছেন। বিশেষ করে কর্মজীবী মানুষ ও ডেলিভারি সেবার সঙ্গে জড়িতদের ভোগান্তি বেশি হচ্ছে। এ বিষয়ে স্থানীয় এক মোটরসাইকেল চালক বলেন, “আগে সহজেই পাম্পে গিয়ে তেল পাওয়া যেত। এখন অনেক সময় লাইনে দাঁড়িয়ে থেকেও তেল পাওয়া যায় না। এতে করে আমাদের কাজকর্ম ব্যাহত হচ্ছে।”

অন্যদিকে পেট্রোলপাম্প সংশ্লিষ্টরা বলছেন, সরবরাহ কম থাকায় অনেক সময় চাহিদা অনুযায়ী তেল দেওয়া সম্ভব হচ্ছে না। তবে পরিস্থিতি স্বাভাবিক করার চেষ্টা চলছে। এদিকে দ্রুত জ্বালানি সরবরাহ স্বাভাবিক করার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের হস্তক্ষেপ কামনা করেছেন লালপুরের মোটরসাইকেল চালক ও সাধারণ মানুষ।