রাজশাহী ব্যুরো: রাজশাহীর পবা উপজেলায় পুলিশের কাছ থেকে হ্যান্ডকাপসহ এক আসামিকে ছিনিয়ে নেওয়ার ঘটনা ঘটেছে। মব সৃষ্টি করে পুলিশের উপর হামলা চালিয়ে এই ছিনতাইয়ের ঘটনা ঘটানো হয় বলে জানা গেছে। রোববার (২২ মার্চ) বিকেল পৌনে ৬টার দিকে পবা উপজেলার পিল্লাপাড়া মোড়স্থ সাহিদা হক ফিলিং স্টেশনের সামনে এ ঘটনা ঘটে।

পুলিশ সূত্রে জানা যায়, পবা থানার একটি গ্রেফতারি পরোয়ানা তামিল টিম নিয়মিত তদন্তাধীন একটি মামলার ১ নম্বর আসামি পিল্লাপাড়া গ্রামের ইব্রাহিমের ছেলে মো. রাসেলকে গ্রেফতার করে। গ্রেফতারের পর তাকে থানায় নিয়ে যাওয়ার সময় তার মা আয়েশা বেগমের নেতৃত্বে প্রায় ৫০-৬০ জন উত্তেজিত লোকজন ঘটনাস্থলে জড়ো হয়ে মব সৃষ্টি করে।

এসময় তারা গ্রেফতারকারী পুলিশ সদস্যদের ওপর হামলা চালায়। এতে এসআই প্রতাপ, এএসআই আলামিন, এএসআই জাহিদ, এএসআই হারুন ও এএসআই রাকিবসহ পুলিশের কয়েকজন সদস্য লাঞ্চিত হন। হামলার এক পর্যায়ে জনতা পুলিশের কাছ থেকে আসামি রাসেলকে ছিনিয়ে নিয়ে যায়।
ঘটনাস্থলে পুলিশের ৮ জন সদস্য উপস্থিত থাকলেও পরিস্থিতি দ্রুত পুলিশের নিয়ন্ত্রণের বাইরে চলে যায়। এসময় রাসেলের হাতে পরানো হ্যান্ডকাপসহ সে পালিয়ে যায়।

পরে প্রায় দুই ঘণ্টা পর স্থানীয় (দলীয়) কিছু ব্যক্তির মাধ্যমে হ্যান্ডকাপটি ফেরত পাওয়া গেলেও আসামি রাসেলকে এখনো পুলিশের কাছে হস্তান্তর করা হয়নি। উল্লেখ্য, গত ১৫ মার্চ একই এলাকার আবু তাহেরের ছেলে আফসার আলী (৩৭)-কে পিল্লাপাড়া মোড়স্থ উক্ত পেট্রোল পাম্পের সামনে পূর্বশত্রুতার জের ধরে মারধর করে গুরুতর আহত করা হয়। এ ঘটনায় ভুক্তভোগী আফসার আলী বাদী হয়ে ১৬ মার্চ পবা থানায় তিনজনকে আসামি করে দণ্ডবিধির ৩৪১/৩২৩/৩২৫/৩০৭ ও ৫০৬ ধারায় একটি মামলা দায়ের করেন। যার মামলা নম্বর-৬।

এ বিষয়ে রাজশাহী মহানগর পুলিশের মুখপাত্রের সঙ্গে মুঠোফোনে যোগাযোগের চেষ্টা করা হলেও তিনি ফোন রিসিভ করেননি। পরে পবা থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুল মতিন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ঘটনার খবর পেয়ে আরএমপির ঊর্ধ্বতন কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করেছেন এবং বিষয়টি তদারকি করছেন। তদন্তের স্বার্থে আপাতত বিস্তারিত কিছু বলা সম্ভব নয়। তবে পুলিশের একটি সূত্রে জানা গেছে, এ ঘটনায় আসামি ছিনতাই ও পুলিশের উপর হামলার অভিযোগে সংশ্লিষ্টদের বিরুদ্ধে পৃথক মামলা দায়েরের প্রস্তুতি চলছে।