হেলাল উদ্দিন,দৌলতপুর(কুষ্টিয়া): কুষ্টিয়ার দৌলতপুরে যথাযোগ্য মর্যাদা,গভীর শ্রদ্ধা এবং উৎসবমুখর পরিবেশে দিনব্যাপী নানা কর্মসূচির মধ্য দিয়ে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপন করা হয়েছে। দিবসটি ঘিরে সরকারি-বেসরকারি প্রতিষ্ঠান,রাজনৈতিক দল,সাংবাদিক সংগঠন,সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনসহ সর্বস্তরের মানুষের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে ছিলো।
বৃহস্পতিবার (২৬ মার্চ) সূর্যোদয়ের সঙ্গে সঙ্গে উপজেলা পরিষদ চত্বরে ৩১ বার তোপধ্বনির মাধ্যমে দিবসের সূচনা করা হয়। একই সঙ্গে উপজেলার সকল সরকারি, আধা-সরকারি, স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান,শিক্ষা প্রতিষ্ঠান ও বিভিন্ন বেসরকারি ভবনে জাতীয় পতাকা উত্তোলন করা হয়।
সকাল সাড়ে ৬টায় উপজেলা প্রাঙ্গণে অবস্থিত স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা জানানো হয়।এতে বিভিন্ন সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানের প্রতিনিধিরা,বীর মুক্তিযোদ্ধাগন, রাজনৈতিক নেতৃবৃন্দ এবং সামাজিক-সাংস্কৃতিক সংগঠনের সদস্যরা অংশ নেন। এছাড়াও বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থী ও সাধারণ জনগণ শ্রদ্ধা নিবেদন করেন।
পরে সকাল সাড়ে ৮টায় বর্ণাঢ্য কুচকাওয়াজ অনুষ্ঠিত হয়। এতে উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থী, স্কাউট, রোভার স্কাউট এবং বিভিন্ন সংগঠনের সদস্যরা অংশগ্রহণ করে মনোমুগ্ধকর বিভিন্ন শারিরীক কসরত উপস্থাপন করে। কুচকাওয়াজে অংশগ্রহণকারী দলগুলোর শৃঙ্খলা, দক্ষতা ও দেশাত্মবোধক গান পরিবেশন উপস্থিত দর্শকদের মুগ্ধ করে।
এছাড়া বেলা সাড়ে ১১টায় উপজেলা পরিষদ মিলনায়তনে বীর মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা প্রদান করা হয়।এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুষ্টিয়া-১ দৌলতপুর আসনের সংসদ সদস্য আলহাজ্ব রেজা আহমেদ বাচ্চু মোল্লা।
উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) অনিন্দ্য গুহ’র সভাপতিত্বে উপজেলা সহকারী কমিশনার ভূমি প্রদীপ কুমার দাস,দৌলতপুর থানার অফিসার ইনচার্জ মোঃ আরিফুর রহমান,উপজেলা বিএনপি’র সাধারণ সম্পাদক আলহাজ্ব মোঃ বিল্লাল হোসেনসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা,বীরমুক্তিযোদ্ধাগন ও গনমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে মুক্তিযোদ্ধাদের প্রতি সম্মান জানিয়ে তাদের অবদান স্মরণ করা হয় এবং তাদের হাতে সম্মাননা তুলে দেয়া হয়। এ সময় বক্তারা মহান মুক্তিযুদ্ধের চেতনা নতুন প্রজন্মের মাঝে ছড়িয়ে দেয়ার ওপর গুরুত্বারোপ করেন।