সৈয়দ নুর আহসান গৌরনদী (বরিশাল): বরিশাল জেলার গৌরনদী থানাধীন ঢাকা-বরিশাল মহাসড়কে এক মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় এক মোটরসাইকেল চালক নিহত হয়েছেন। আজ শুক্রবার বিকাল আনুমানিক ৩:১০ ঘটিকার সময় ইল্যা সাকিনস্থ গাইনের পাড় নামক স্থানে এই দুর্ঘটনাটি ঘটে।
হাইওয়ে পুলিশ সূত্রে জানা গেছে, বরিশালগামী একটি পিকআপ (রেজিঃ নং-খুলনা মেট্রো-ন-১১-২৩৮৭) মহাসড়ক দিয়ে যাওয়ার সময় বিপরীত দিক থেকে আসা ঢাকাগামী একটি মোটরসাইকেল (রেজি নং-ঢাকা মেট্রো-ল-৫২-৮২০২) দ্রুত গতিতে একটি অজ্ঞাতনামা গাড়িকে ওভারটেক করার চেষ্টা করে। এসময় মোটরসাইকেলটি নিয়ন্ত্রণ হারিয়ে পিকআপের সামনে ও পিছনের চাকার মধ্যখানে ঢুকে পড়ে।
দুর্ঘটনায় মোটরসাইকেল চালক গুরুতর জখম হন। উপস্থিত স্থানীয় জনতা তাকে দ্রুত উদ্ধার করে গৌরনদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা শেষে তাকে মৃত ঘোষণা করেন। তবে তাৎক্ষণিকভাবে নিহতের বিস্তারিত পরিচয় পাওয়া যায়নি।
গৌরনদী হাইওয়ে থানার অফিসার ইনচার্জ জানিয়েছেন যে, দুর্ঘটনা কবলিত পিকআপ ও মোটরসাইকেলটি বর্তমানে থানা হেফাজতে রয়েছে। ঘটনার পর মহাসড়কে যান চলাচল সাময়িক বিঘ্নিত হলেও বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। এই বিষয়ে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে।