হাবিপ্রবি প্রতিনিধি : দিনাজপুরের হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (হাবিপ্রবি) তড়িৎ ও প্রকৌশল বিভাগের এক শিক্ষার্থীর মেসে আকস্মিক মৃত্যু হয়েছে। মৃত শিক্ষার্থীর নাম আব্দুর রহিম খাইরুল, তিনি বিশ্ববিদ্যালয়ের ২৪তম ব্যাচের ছাত্র ছিলেন। শুক্রবার (২৭ মার্চ) সকালে বিশ্ববিদ্যালয়ের পার্শ্ববর্তী একটি মেসে এই হৃদয়বিদারক ঘটনাটি ঘটে।
তার এই অকাল মৃত্যুতে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস ও সহপাঠীদের মাঝে গভীর শোকের ছায়া নেমে এসেছে। প্রত্যক্ষদর্শী ও বন্ধুদের দেওয়া তথ্য অনুযায়ী, খাইরুল গত বৃহস্পতিবার রাত প্রায় ১১টা পর্যন্ত বন্ধুদের সাথে আড্ডায় মেতে ছিলেন।
এরপর তিনি সারারাত জেগে ছিলেন এবং ভোরের দিকে ফজরের নামাজ আদায় করে নিজ কক্ষে ঘুমিয়ে পড়েন। পরবর্তীতে সকাল আনুমানিক সাড়ে ১১টার দিকে তার কোনো সাড়া-শব্দ না পেয়ে বন্ধুরা ডাকাডাকি শুরু করেন। একাধিকবার ডাকার পরও কোনো সাড়া না পাওয়ায় বিষয়টি জানাজানি হয়।
জানা গেছে, মৃত্যুর পূর্বে খাইরুল সম্পূর্ণ সুস্থ ছিলেন এবং তার কোনো দীর্ঘস্থায়ী শারীরিক অসুস্থতার ইতিহাস ছিল না। এমনকি মৃত্যুর আগে তার বমি বা অন্য কোনো অস্বস্তিকর উপসর্গও দেখা দেয়নি। ঘটনার খবর পেয়ে বিশ্ববিদ্যালয় প্রশাসন ও দিনাজপুর কোতোয়ালি থানা পুলিশ দ্রুত ঘটনাস্থলে উপস্থিত হয়। এ সময় বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার অধ্যাপক ড. এম. জাহাঙ্গীর কবির, স্টুডেন্ট অ্যাডভাইজর, সহকারী স্টুডেন্ট অ্যাডভাইজর এবং সহকারী প্রক্টর উপস্থিত থেকে প্রাথমিক তদন্ত পর্যবেক্ষণ করেন।
আব্দুর রহিম খাইরুলের বাড়ি কুড়িগ্রাম জেলার রাজারহাট উপজেলার চায়না বাজার এলাকায়। তিনি রংপুরের কাউনিয়া ডিগ্রি কলেজ থেকে ২০২৩ সালে এইচএসসি পরীক্ষায় উত্তীর্ণ হয়ে হাবিপ্রবিতে ভর্তি হয়েছিলেন। ব্যক্তিগত জীবনে তিনি বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের ঘড়িয়ালডাংগা ইউনিয়নের সাবেক সভাপতি হিসেবে দায়িত্ব পালন করেছিলেন বলে জানা গেছে। তার মৃত্যুতে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ও শিক্ষার্থীদের মধ্যে শোকাবহ পরিবেশ বিরাজ করছে।