দৌলতপুরে প্রভাবশালীদের তেল নেওয়া ঘিরে হট্টগোল, পুলিশ আহত
দৌলতপুর (কুষ্টিয়া) প্রতিনিধি:
কুষ্টিয়ার দৌলতপুর উপজেলায় একটি ফিলিং স্টেশনে নিয়ম ভেঙে তেল নেওয়াকে কেন্দ্র করে সাধারণ মানুষের সঙ্গে প্রভাবশালীদের বিশৃঙ্খলার ঘটনা ঘটেছে। এতে এক পুলিশ কর্মকর্তা আহত হয়েছেন বলে জানা গেছে।
বুধবার (১ এপ্রিল) বিকেল সাড়ে ৩টার দিকে উপজেলার খলিশাকুন্ডি বাজারে অবস্থিত মেসার্স হাবিব ফিলিং স্টেশনে এ ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা গেছে, বিকেলে কয়েকজন প্রভাবশালী ব্যক্তি নিয়ম ভেঙে কন্টেইনারে তেল নেওয়ার চেষ্টা করলে লাইনে থাকা সাধারণ মানুষ বাধা দেয়। এ নিয়ে উভয় পক্ষের মধ্যে কথা কাটাকাটি শুরু হয়ে একপর্যায়ে হট্টগোল বাধে।
এ সময় দায়িত্বরত এএসআই মুশফিক পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে গেলে ঠোঁটে আঘাত পেয়ে আহত হন। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে চিকিৎসার ব্যবস্থা করে।
স্থানীয়রা আরও জানান, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) প্রদীপ কুমার দাস উপস্থিত থাকাকালীন শৃঙ্খলা বজায় রেখে তেল বিতরণ করা হচ্ছিল। তিনি চলে যাওয়ার পরপরই পরিস্থিতি অশান্ত হয়ে ওঠে এবং প্রভাবশালীরা নিয়ম না মেনে তেল নেওয়া শুরু করে।
ফিলিং স্টেশনের ম্যানেজার জানান, তিনি সারাদিন বাইরে ছিলেন এবং ঘটনাটি সম্পর্কে বিস্তারিত জানেন না, তবে নিয়ম মেনেই তেল বিতরণ করা হচ্ছিল বলে দাবি করেন।
উপজেলা সহকারী কমিশনার (ভূমি) প্রদীপ কুমার দাস ঘটনাটির সত্যতা নিশ্চিত করে বলেন, তিনি উপস্থিত থাকাকালে সবকিছু স্বাভাবিক ছিল, পরে অন্য একটি অভিযোগের খোঁজে চলে গেলে বিশৃঙ্খলার খবর পান।
এদিকে ট্যাগ অফিসার এ বি এম কামাল আহমেদ জানান, তেল নেওয়া নিয়ে সৃষ্ট বিশৃঙ্খলায় এক এএসআই আহত হয়েছেন।
তবে স্থানীয় পুলিশ ক্যাম্প ইনচার্জ এসআই ইলিয়াস বলেন, সংশ্লিষ্ট পুলিশ সদস্য সংঘর্ষে নয়, বাঁশ সরাতে গিয়ে পড়ে গিয়ে আহত হয়েছেন।