সৈয়দ নুর আহসান, গৌরনদী (বরিশাল): মাদারীপুরের কালকিনি উপজেলায় পূর্ব শত্রুতার জেরে নুরে আলম সরদার (৪০) নামে এক ব্যক্তির বসতবাড়িতে ককটেল হামলা, ভাঙচুর ও লুটপাটের ঘটনা ঘটেছে। এ ঘটনায় অন্তত একজন আহত হয়েছেন। আহতকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
শনিবার সকালে এ ঘটনায় ভুক্তভোগীর স্বজন থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেন। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, উপজেলার চর দৌলতখান ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের ডিমচর গ্রামের নুরুল হক সরদারের ছেলে নুরে আলম সরদারের সঙ্গে একই এলাকার মোনাব্বার খানের দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছিল।
এর জেরে গত ৩ এপ্রিল (শুক্রবার) রাতে মোনাব্বার খানের নেতৃত্বে হানিফ খান, মোস্তফা খান ও জালাল খানসহ ২০-২৫ জনের একটি দল দেশীয় অস্ত্র নিয়ে নুরে আলমের বসতবাড়িতে হামলা চালায়। এ সময় হামলাকারীরা বাড়িতে কয়েকটি ককটেল বিস্ফোরণ ঘটিয়ে ব্যাপক ভাঙচুর চালায়।
হামলার সময় ঘর থেকে নগদ টাকা, স্বর্ণালংকার ও বিভিন্ন আসবাবপত্র লুট করে নিয়ে যায় বলে অভিযোগ করা হয়েছে। বাধা দিতে গেলে নুরে আলম সরদারের ওপর ককটেল নিক্ষেপ করা হয়, এতে তিনি গুরুতর আহত হন।
এ ঘটনায় আবদুল খালেক সরদার বাদী হয়ে কালকিনি থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন। আহত নুরে আলম সরদার অভিযোগ করে বলেন, “বিনা কারণে মোনাব্বার খান তার লোকজন নিয়ে আমার বাড়িতে হামলা চালিয়ে ভাঙচুর ও লুটপাট করেছে। আমাকে ককটেল মেরে আহত করেছে। আমি এর বিচার চাই।”
এ বিষয়ে অভিযুক্ত মোনাব্বার খানকে এলাকায় পাওয়া যায়নি।
কালকিনি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জহিরুল আলম বলেন, “লিখিত অভিযোগ পেয়েছি। বিষয়টি তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।”