সৈয়দ নুর আহসান, গৌরনদী (বরিশাল) প্রতিনিধিঃ
ঢাকা-বরিশাল মহাসড়কের গৌরনদী উপজেলার টরকী বাসস্ট্যান্ড সংলগ্ন নীলখোলা ব্রিজে একটি ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে রেলিং ভেঙে খাদে পড়ে গেছে। বৃহস্পতিবার (৯ এপ্রিল) সকাল ৯টার দিকে এ দুর্ঘটনা ঘটে। তবে এতে অলৌকিকভাবে কোনো প্রাণহানির ঘটনা ঘটেনি।
স্থানীয় সূত্রে জানা গেছে, ঢাকা থেকে বরিশালগামী খুলনা মেট্টো-ট-১১-০৮৯৭ নম্বরের একটি ট্রাক নীলখোলা ব্রিজ অতিক্রম করার সময় হঠাৎ নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে। ট্রাকটি ব্রিজের রেলিংয়ে সজোরে ধাক্কা দিয়ে তা ভেঙে নিচের খাদে পড়ে যায়।
দুর্ঘটনার বিকট শব্দ শুনে টরকী বাসস্ট্যান্ড ও আশপাশের স্থানীয় লোকজন দ্রুত ঘটনাস্থলে ছুটে আসেন এবং তাৎক্ষণিকভাবে উদ্ধার তৎপরতা শুরু করেন। স্থানীয়দের সহায়তায় ট্রাকের চালক ও সহকারীকে উদ্ধার করা হয়। প্রাথমিকভাবে জানা গেছে, এ ঘটনায় কেউ নিহত বা গুরুতর আহত হননি।
দুর্ঘটনার পর মহাসড়কের ওই অংশে সাময়িকভাবে যান চলাচলে বিঘ্ন ঘটে এবং কিছুটা যানজটের সৃষ্টি হয়। খবর পেয়ে গৌরনদী থানা পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। বর্তমানে যান চলাচল স্বাভাবিক রয়েছে।
গৌরনদী থানা পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, দুর্ঘটনাকবলিত ট্রাকটি উদ্ধারের কাজ চলছে। কী কারণে ট্রাকটি নিয়ন্ত্রণ হারিয়েছে—যান্ত্রিক ত্রুটি নাকি চালকের অসতর্কতা—তা তদন্ত করে দেখা হচ্ছে।