​সৈয়দ নুর আহসান (গৌরনদী) বরিশাল প্রতিবেদকঃ মাদারীপুরের কালকিনিতে পুলিশের এক বিশেষ অভিযানে বিভিন্ন মামলার ওয়ারেন্টভুক্ত দুই আসামিকে গ্রেফতার করা হয়েছে। বৃহস্পতিবার (৯ এপ্রিল) দিবাগত গভীর রাতে উপজেলার পৃথক দুটি স্থানে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করে কালকিনি থানা পুলিশ।

​পুলিশ সূত্রে জানা গেছে, মাদারীপুর জেলা পুলিশ সুপার মোঃ হাবিবুর রহমানের নির্দেশনায় ও কালকিনি থানার তত্ত্বাবধানে এলাকায় আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে এই বিশেষ অভিযান পরিচালিত হয়। অভিযানে মোট ৫টি ওয়ারেন্টের মূলে দুই আসামিকে গ্রেফতার করতে সক্ষম হয় পুলিশ সদস্যরা।

গ্রেফতারকৃতরা হলেন পৌর এলাকার দড়িচর লক্ষ্মীপুর গ্রামের নুরু করিম সরদার এবং লক্ষিপুর ইউনিয়নের কানুরগাঁও গ্রামের মোঃ হাসান আল মামুন।

​কালকিনি থানা পুলিশ জানায়, গ্রেফতারকৃত আসামিদের আজ শুক্রবার সকালে যথাযথ আইনি প্রক্রিয়ায় বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।

এ বিষয়ে জেলা পুলিশের পক্ষ থেকে জানানো হয়, জেলায় মাদক নির্মূল, কিশোর গ্যাং দমন, সন্ত্রাসী ও চাঁদাবাজসহ সকল প্রকার অপরাধমূলক কর্মকাণ্ডের বিরুদ্ধে পুলিশের এই সাঁড়াশি অভিযান অব্যাহত থাকবে। জননিরাপত্তা নিশ্চিতে পুলিশ কোনো প্রকার আপস করবে না বলে সাফ জানিয়ে দেওয়া হয়েছে।