জ্বালানি তেল সংগ্রহে শৃঙ্খলা ফেরাতে মাঠে ভেড়ামারা থানা পুলিশ
হেলাল মজুমদার কুষ্টিয়া
দেশের চলমান জ্বালানি পরিস্থিতিতে জনমনে সৃষ্ট আতঙ্ক ও ফিলিং স্টেশনগুলোতে উপচে পড়া ভিড় নিয়ন্ত্রণে দৃষ্টান্তমূলক ভূমিকা পালন করছে কুষ্টিয়ার ভেড়ামারা থানা পুলিশ। উপজেলার মেসার্স এম. এ. খালেক ফিলিং স্টেশনে সুশৃঙ্খলভাবে জ্বালানি তেল সরবরাহ নিশ্চিত করতে ব্যক্তিগতভাবে তদারকি করছেন ভেড়ামারা থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. জাহেদুর রহমান।
সরেজমিনে দেখা যায়, তেলের জন্য আসা শত শত গ্রাহকের দীর্ঘ সারি নিয়ন্ত্রণে ওসি জাহেদুর রহমানের নেতৃত্বে একদল পুলিশ সদস্য নিরলস কাজ করে যাচ্ছেন। লাইনে দাঁড়িয়ে যাতে সবাই ন্যায্যভাবে এবং ভোগান্তিহীনভাবে তেল সংগ্রহ করতে পারেন, তা নিশ্চিত করাই এই অভিযানের মূল লক্ষ্য। এ বিষয়ে ওসি মো. জাহেদুর রহমান বলেন, “সাধারণ মানুষ যাতে কোনো ধরনের বিশৃঙ্খলা বা ভোগান্তি ছাড়াই তেল নিতে পারেন, আমরা সেই চেষ্টা করছি। বিশেষ করে যারা বৈধ কাগজপত্র ও লাইসেন্স নিয়ে আসছেন, তাদের অগ্রাধিকার দেওয়া হচ্ছে। কোনো ধরনের কৃত্রিম সংকট বা প্যানিক বায়িং যাতে না হয়, সেদিকে আমাদের কড়া নজরদারি রয়েছে।” পাম্প কর্তৃপক্ষ ও সাধারণ গ্রাহকরা পুলিশের এই উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন।
গ্রাহকরা জানান, পুলিশের উপস্থিতির কারণে লাইনে কোনো বিশৃঙ্খলা হচ্ছে না এবং সবাই শান্তভাবে তেল নিতে পারছেন। উপজেলা প্রশাসনের সহযোগিতায় এই নজরদারি আগামী দিনগুলোতেও অব্যাহত থাকবে বলে থানা সূত্রে জানানো হয়েছে।