সৈয়দ নুর আহসান, গৌরনদী (বরিশাল)
বরিশালের গৌরনদীতে খালের পানিতে ভাসমান অবস্থায় অজ্ঞাত এক নবজাতক (মেয়ে) শিশুর মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

সোমবার (১৩ এপ্রিল) দুপুরে গৌরনদী-ধামুরা খালের আশোকাঠী বনবিভাগ সংলগ্ন এলাকায় এ ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা যায়, আশোকাঠী গ্রামের ফিরোজ সরদারের ছেলে অষ্টম শ্রেণির ছাত্র ওয়ারিদ রহমান জয় তার দুই বন্ধুকে নিয়ে খালে গোসল করতে নামে। দুপুর দেড়টার দিকে তারা খালের পানিতে ভাসমান অবস্থায় নবজাতকের মরদেহ দেখতে পায়। পরে লাঠি দিয়ে মরদেহটি খালের পাড়ে তুলে স্থানীয়দের খবর দেয়।

খবর পেয়ে গৌরনদী মডেল থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে। গৌরনদী মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) তারিক হাসান রাসেল ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, নবজাতকের মরদেহ উদ্ধার করা হয়েছে। পরিচয় শনাক্তের চেষ্টাসহ এ বিষয়ে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।