সৈয়দ নুর আহসান (গৌরনদী), বরিশাল প্রতিনিধিঃ
বরিশাল: বরিশালের আগৈলঝাড়ায় সাব্বির হোসেন (২৫) নামে এক গাছ ব্যবসায়ীকে মারধর করে দেড় লক্ষাধিক টাকা ছিনিয়ে নেওয়ার অভিযোগ পাওয়া গেছে। স্থানীয়রা আহত ব্যবসায়ীকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করলে মঙ্গলবার দুপুরে উন্নত চিকিৎসার জন্য তাকে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ (শেবাচিম) হাসপাতালে প্রেরণ করা হয়েছে।
আহত সাব্বির হোসেন আগৈলঝাড়া উপজেলার কদমবাড়ি এলাকার নজরুল ইসলাম খানের ছেলে।হাসপাতালে চিকিৎসাধীন সাব্বির হোসেন জানান, সোমবার রাত আনুমানিক নয়টার দিকে পয়সারহাট হাইস্কুল সংলগ্ন এলাকা দিয়ে যাওয়ার সময় একই এলাকার অলি চৌকিদারসহ অজ্ঞাতনামা ৭/৮ জন তার পথরোধ করে।
এসময় হামলাকারীরা তাকে অতর্কিত মারধর করে সাথে থাকা নগদ দেড় লক্ষাধিক টাকা ছিনিয়ে নেয়। সাব্বির আরও দাবি করেন, হামলাকারীদের সাথে তার পূর্বের কোনো বিরোধ বা শত্রুতা ছিল না।
এ বিষয়ে জানতে অভিযুক্ত অলি চৌকিদারের সাথে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তাকে পাওয়া যায়নি।
আগৈলঝাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাসুদ খান জানান, এ ঘটনায় থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে। বিষয়টি তদন্ত করে ঘটনার সত্যতা যাচাই সাপেক্ষে দ্রুত আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।