দৌলতপুর (কুষ্টিয়া) প্রতিনিধি: কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার আল্লারদর্গা ইউনিয়নের জয়ভোগা গ্রামে সন্ত্রাসী হামলায় গ্রাম ডাক্তার জাহাঙ্গীর আলম গুরুতর আহত হয়েছেন। মঙ্গলবার (২৮ এপ্রিল) রাত প্রায় ৯টার দিকে জয়ভোগা চার রাস্তার মোড়ে এ হামলার ঘটনা ঘটে।

আহত জাহাঙ্গীর আলম বীর মুক্তিযোদ্ধা ডা. ফজলুল হকের পুত্র এবং স্থানীয়ভাবে পরিচিত চিকিৎসক। একই ঘটনায় তার ভাই, ওষুধ ব্যবসায়ী আবুও আহত হয়েছেন।
স্থানীয় সূত্রে জানা যায়, পাওনা টাকা নিয়ে বিরোধ ও পূর্ব শত্রুতার জেরে একই গ্রামের কয়েকজন যুবক পূর্ব পরিকল্পিতভাবে তাদের ওপর হামলা চালায়। অভিযুক্তদের মধ্যে রয়েছেন আবু হানিফের ছেলে মাহাথির (২৪) ও মাহি (২০), নাহারুলের ছেলে রকিব (২২) ও রকি (২০), ছিয়াদের ছেলে রাজিব (২০) এবং আমদহ বোর্ডপাড়া গ্রামের শাজাহানের ছেলে সুমন (২৫)।

অভিযোগ রয়েছে, হামলাকারীরা দেশীয় অস্ত্র—হাতুড়ি, রডসহ বিভিন্ন জিনিস দিয়ে এলোপাতাড়ি মারধর করে হত্যার চেষ্টা করে। আহতদের চিৎকারে আশপাশের লোকজন এগিয়ে এলে হামলাকারীরা দ্রুত পালিয়ে যায়।

পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে প্রাথমিক চিকিৎসা দেন। গুরুতর আহত জাহাঙ্গীর আলমকে আশঙ্কাজনক অবস্থায় রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
এ ঘটনায় আহত আবু বাদী হয়ে দৌলতপুর থানায় ৬ জনের নাম উল্লেখ করে এবং আরও ৪-৫ জন অজ্ঞাত ব্যক্তিকে আসামি করে একটি মামলা দায়ের করেছেন।

পুলিশ জানিয়েছে, অভিযোগটি তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।