অবশেষে জেল ফটকে অপেক্ষারত তিন শিশু ফিরে পেল মায়ের কোল

মোহাম্মদ আককাস আলী :

অবশেষে মানবতার দরজায় আলো ফুটল। দীর্ঘ অপেক্ষা, অসহায় কান্না আর তিনটি নিষ্পাপ শিশুর বুকভরা আকুতির পর জামিন পেলেন আঁখি খাতুন। ফিরে পেল সন্তানরা তাদের মায়ের স্নেহমাখা কোল। আর তাদেরকে প্রতিদিন জেলগেটের সামনে দাঁড়িয়ে অপেক্ষার প্রহর গুনতে হবে না। ছোট ছোট চোখে আর দেখতে হবে না লোহার গেটের ওপারে বন্দি মায়ের মুখ।

মানবিক এই ঘটনাটি নতুন মোড় নেয় যখন গণমাধ্যমে প্রকাশ পায় তিন শিশুর হৃদয়স্পর্শী সংবাদ। সংবাদটি দেশজুড়ে মানুষের হৃদয় নাড়া দেয়। বিষয়টি পৌঁছে যায় প্রধানমন্ত্রী তারেক রহমানের নজরে। প্রধানমন্ত্রীর অতিরিক্ত তথ্য সচিব মো: আতিকুর রহমান মঙ্গলবার নওগাঁ সিনিয়র জেলা ও দায়রা জজকে বিষয়টি অবগত করেন।

এরপর জেলা সিনিয়র দায়রা জজ মো: রোকনুজ্জামান মামলার নথিপত্র পর্যালোচনা করে মানবিক দৃষ্টিকোণ থেকে কারাগারে আটক আঁখি খাতুনের জামিন মঞ্জুর করেন। আদালতের এই সিদ্ধান্ত শুধু একটি পরিবারের জন্য স্বস্তির বার্তা নয়, এটি মানবতা, ন্যায়বিচার এবং দায়িত্বশীল সাংবাদিকতার এক উজ্জ্বল দৃষ্টান্ত হয়ে রইল।

এই ঘটনা আবারও প্রমাণ করল—সত্য ও মানবিক সাংবাদিকতা সমাজ পরিবর্তনের শক্তিশালী হাতিয়ার। একটি সংবাদ কখনো কখনো হয়ে উঠতে পারে অসহায় মানুষের শেষ আশ্রয়। তিনটি শিশুর কান্না, তাদের মায়ের জন্য অপেক্ষা এবং সংবাদকর্মীদের মানবিক উপস্থাপনাই শেষ পর্যন্ত ন্যায়বিচারের দুয়ার খুলে দিল।

জয় হোক মানবিক সাংবাদিকতার। জয় হোক ন্যায়বিচারের। মজবুত হোক আইনের দরজা, আর ভেঙে পড়ুক মিথ্যা ও ষড়যন্ত্রের কালো দেয়াল।