সৈয়দ নুর আহসান (​গৌরনদী) বরিশাল প্রতিনিধি

ঢাকা-বরিশাল মহাসড়কের বরিশালের গৌরনদী উপজেলার বাটাজোর এলাকায় এক মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় স্বামী, স্ত্রী ও তাদের একমাত্র কন্যাসন্তানসহ একই পরিবারের তিন সদস্য নিহত হয়েছেন। আজ (২৬ মে) বাটাজোর বাস স্ট্যান্ড সংলগ্ন এলাকায় ঢাকা থেকে বরিশালগামী ‘তাজ পরিবহন’ নামের একটি বাস তাদের ধাক্কা দিলে এই দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন—বরিশালের উজিরপুর উপজেলার উজিরপুর গ্রামের আব্দুল হাকিম হাওলাদারের বড় ছেলে মোঃ ফিরোজ মাহমুদ (৩৬), তাঁর স্ত্রী মনিরা বেগম এবং তাঁদের একমাত্র কন্যা জন্নাত আক্তার।

স্থানীয় সূত্রে জানা গেছে, তাজ পরিবহনের দ্রুতগামী বাসটি বাটাজোর বাস স্ট্যান্ড এলাকায় পৌঁছালে এই ভয়াবহ দুর্ঘটনা ঘটে। ঘটনাস্থলেই একই পরিবারের তিনজনের মর্মান্তিক মৃত্যু হয়।

এই ঘটনার পর ঢাকা-বরিশাল মহাসড়কের বাটাজোর অংশে যানবাহন চলাচল সম্পূর্ণ বন্ধ হয়ে যায়। ঘরমুখী সাধারণ মানুষ কিলোমিটারের পর কিলোমিটার জুড়ে দীর্ঘ যানজটে আটকা পড়েছেন। তীব্র গরম ও জনজটের কারণে চরম ভোগান্তিতে পড়েছেন যাত্রীরা।

সর্বশেষ খবর পাওয়া পর্যন্ত, মহাসড়কে যানবাহন চলাচল স্বাভাবিক করতে এবং পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে গৌরনদী হাইওয়ে থানা পুলিশ ও গৌরনদী ফায়ার সার্ভিসের কর্মীরা যৌথভাবে উদ্ধার কাজ চালাচ্ছেন। ঘাতক বাসটিকে আটক করার চেষ্টা চলছে বলে পুলিশ সূত্রে জানা গেছে।