নওগাঁ সীমান্তে নারী পুরুষ শিশুসহ ১৭জনকে পুশইনের চেষ্টা কঠোর অবস্থানে বিজিবি

মোহাম্মদ আককাস আলী :
নওগাঁর হাপানীয়া সীমান্ত দিয়ে ১৭ জনকে বাংলাদেশে পুশইনের চেষ্টা করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)। শুক্রবার (৫ জুন) সকাল সাড়ে ৭টার দিকে সীমান্তের ২৩৮ নম্বর মেইন পিলারের কাছে এ ঘটনা ঘটে।
বিজিবি সূত্রে জানা গেছে, ভারতের ৮৮ বিএসএফ ব্যাটালিয়নের পান্নাছড়া ক্যাম্পের সদস্যরা ১৭ জন নাগরিককে জোরপূর্বক বাংলাদেশের ভূখণ্ডে প্রবেশ করানোর চেষ্টা করেন। ওই দলে ৬ জন পুরুষ, ৬ জন নারী ও ৫ জন শিশু রয়েছে।
তবে হাপানীয়া বিওপির বিজিবি সদস্যরা তাৎক্ষণিকভাবে ঘটনাস্থলে পৌঁছে তাদের সীমান্তের শূন্যরেখায় (জিরো লাইন) আটকে দেন। ফলে বিএসএফের পুশইনের চেষ্টা ব্যর্থ হয়।
নওগাঁ ১৬ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মহম্মদ আরিফুল ইসলাম মাসুম বলেন, বিএসএফের এ ধরনের কর্মকাণ্ডের বিরুদ্ধে কড়া প্রতিবাদ জানানো হয়েছে। সীমান্ত দিয়ে কাউকে অবৈধভাবে বাংলাদেশে প্রবেশ করতে দেওয়া হবে না। বিষয়টি সমাধানে বিএসএফের সঙ্গে আলোচনা চলছে এবং তাদের দ্রুত ভারতীয় ভূখণ্ডে ফেরত পাঠানোর চেষ্টা করা হচ্ছে।