দৌলতপুরে অস্ত্রের মুখে ব্র্যাককর্মীর কাছ থেকে দেড় লাখ টাকা ছিনতাই

দৌলতপুর (কুষ্টিয়া) প্রতিনিধি:

কুষ্টিয়ার দৌলতপুর উপজেলায় দিনদুপুরে অস্ত্রের মুখে জিম্মি করে ব্র্যাকের এক নারী মাঠকর্মীর কাছ থেকে কালেকশনের প্রায় দেড় লাখ টাকা ছিনিয়ে নেওয়ার ঘটনা ঘটেছে। এ সময় দুর্বৃত্তদের হামলায় আহত হন ওই কর্মী।

বৃহস্পতিবার (১১ জুন) সকাল সাড়ে ১১টার দিকে উপজেলার ফিলিপনগর ইউনিয়নের কলেজপাড়া এলাকায় এ ছিনতাইয়ের ঘটনা ঘটে।

স্থানীয় সূত্র ও পুলিশ জানায়, ব্র্যাকের হোসেনাবাদ শাখার মাঠকর্মী সুমাইয়া আক্তার মিতা গ্রাহকদের কাছ থেকে ঋণের কিস্তির টাকা সংগ্রহ করে অফিসে ফিরছিলেন। পথে কলেজপাড়া এলাকায় পৌঁছালে মুখোশধারী দুই দুর্বৃত্ত দেশীয় অস্ত্র নিয়ে তার পথরোধ করে।
একপর্যায়ে অস্ত্রের মুখে জিম্মি করে তাকে মারধর করা হয়। হামলার মুখে তিনি মাটিতে লুটিয়ে পড়লে দুর্বৃত্তরা তার কাছে থাকা কালেকশনের প্রায় দেড় লাখ টাকা ছিনিয়ে নেয়। পরে পাশের একটি পাটক্ষেতের ভেতর দিয়ে পালিয়ে যায় তারা।
হামলায় সুমাইয়া আক্তার মিতার হাত ও মাথায় আঘাত লাগে। স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে প্রাথমিক চিকিৎসার ব্যবস্থা করেন।

আহত সুমাইয়া আক্তার মিতা জানান, গ্রাহকদের কাছ থেকে টাকা সংগ্রহ করে ফেরার সময় দুই অস্ত্রধারী ব্যক্তি তাকে জিম্মি করে। তাদের মুখ ঢাকা থাকায় কাউকে শনাক্ত করতে পারেননি বলে তিনি জানান।

হোসেনাবাদ ব্র্যাক অফিসের সহকারী ব্যবস্থাপক ফারুক হোসেন বলেন, “আমাদের মাঠকর্মী সুমাইয়া আক্তার মিতা কালেকশনের টাকা নিয়ে অফিসে ফেরার পথে ছিনতাইকারীদের কবলে পড়েন। দুর্বৃত্তরা তার কাছ থেকে প্রায় দেড় লাখ টাকা ছিনিয়ে নেয়। এ ঘটনায় থানায় অভিযোগ দায়েরের প্রস্তুতি চলছে।”

এ বিষয়ে দৌলতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আরিফুর রহমান বলেন, “ব্র্যাকের এক কর্মীর কাছ থেকে টাকা ছিনতাইয়ের খবর পেয়েছি। ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। এখন পর্যন্ত লিখিত অভিযোগ পাওয়া যায়নি। অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

এ ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। স্থানীয়রা দ্রুত ছিনতাইকারীদের শনাক্ত ও গ্রেপ্তারের দাবি জানিয়েছেন।