প্রান্তিক নারীদের স্বাবলম্বী করতে ব্র্যাকের হাঁস-মুরগি পালন প্রশিক্ষণ ও বিতরণ কর্মসূচি

দৌলতপুর (কুষ্টিয়া) প্রতিনিধি: প্রান্তিক জনগোষ্ঠীর আর্থিক সক্ষমতা বৃদ্ধি এবং আত্মকর্মসংস্থানের সুযোগ সৃষ্টির লক্ষ্যে ব্র্যাক মাইক্রোফাইন্যান্স (দাবি) বিশেষ উদ্যোগ গ্রহণ করেছে। এর অংশ হিসেবে বৃহস্পতিবার (১১ জুন) কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার প্রাগপুর এরিয়া অফিসে দিনব্যাপী হাঁস-মুরগি পালন বিষয়ক প্রশিক্ষণ কর্মশালার আয়োজন করা হয়।

প্রশিক্ষণে প্রাগপুর এরিয়া অফিসের আওতাধীন বিভিন্ন গ্রামের ১৬ জন নারী সদস্য অংশগ্রহণ করেন। প্রশিক্ষণে হাঁস-মুরগির সঠিক পরিচর্যা, রোগ প্রতিরোধ, খাদ্য ব্যবস্থাপনা এবং লাভজনক খামার পরিচালনার বিষয়ে বিস্তারিত ধারণা দেওয়া হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ব্র্যাকের এলাকা ব্যবস্থাপক (দাবি) অশ্বিনী কুমার রায়। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা হিসাব ব্যবস্থাপক সঞ্জয় কুমার রায়, শাখা ব্যবস্থাপক মো. মতিউর রহমান এবং সহকারী শাখা ব্যবস্থাপক মিরা খাতুন।

প্রশিক্ষণ শেষে উপকারভোগীদের মধ্যে বিনামূল্যে হাঁস ও মুরগির বাচ্চা বিতরণ করা হয়। এর মধ্যে ৮ জন নারীকে মোট ১৬০টি হাঁসের বাচ্চা এবং অপর ৮ জন নারীকে ১৬০টি মুরগির বাচ্চা প্রদান করা হয়।

ব্র্যাক কর্মকর্তারা জানান, এই কর্মসূচির মাধ্যমে অংশগ্রহণকারী নারীরা হাঁস-মুরগি পালন করে পরিবারের আয় বৃদ্ধি, পুষ্টি চাহিদা পূরণ এবং আত্মকর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করতে পারবেন। পাশাপাশি এটি তাদের অর্থনৈতিকভাবে স্বাবলম্বী হওয়ার পথকে আরও সুগম করবে।

অনুষ্ঠানে উপস্থিত বক্তারা বলেন, গ্রামীণ নারীদের ক্ষমতায়ন এবং দরিদ্র জনগোষ্ঠীর জীবনমান উন্নয়নে ব্র্যাকের এ ধরনের কার্যক্রম গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। ভবিষ্যতেও প্রান্তিক মানুষের টেকসই উন্নয়নে এমন উদ্যোগ অব্যাহত থাকবে বলে তারা আশাবাদ ব্যক্ত করেন।
এ সময় ব্র্যাকের বিভিন্ন কর্মসূচির প্রতিনিধিসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।