‎ ‎অস্বাস্থ্যকর পরিবেশে মিষ্টি তৈরি: ভেড়ামারায় ‘পাবনা সুইটস’কে ৩০ হাজার টাকা জরিমানা ‎ ‎

হেলাল মজুমদার কুষ্টিয়া

কুষ্টিয়ার ভেড়ামারা পৌরসভায় পচা-বাসি মিষ্টি সংরক্ষণ এবং নোংরা পরিবেশে মিষ্টি তৈরির দায়ে ‘পাবনা সুইটস’ নামের একটি প্রতিষ্ঠানকে ৩০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। ‎ ‎একই অভিযানে রাস্তার দুই পাশের অবৈধ ফুটপাতও উচ্ছেদ করা হয়েছে।

সোমবার (২২ জুন, ২০২৬) বিকেলে ভেড়ামারা পৌরসভার অন্তর্গত পাবনা সুইটস’র দোকান ও মিষ্টি কারখানায় এই অভিযান চালানো হয়। অভিযানে নেতৃত্ব দেন ভেড়ামারা উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মোঃ আমিরুল আরাফাত এবং সহকারী কমিশনার (ভূমি) ডা. গাজী আশিক বাহার। ‎

আদালত সূত্রে জানা যায়, পাবনা সুইটসের মিষ্টি কারখানায় চরম স্যাঁতস্যাঁতে ও নোংরা পরিবেশে মিষ্টি তৈরি করা হচ্ছিল। এছাড়া মিষ্টি তৈরিতে ময়লাযুক্ত ছানা ও দূষিত পানি ব্যবহারের হাতেনাতে প্রমাণ পায় ভ্রাম্যমাণ আদালত। একই সাথে ফ্রিজ ও গুদামে বিপুল পরিমাণ পচা-বাসি মিষ্টি সংরক্ষিত অবস্থায় পাওয়া যায়। ‎জনস্বাস্থ্যের জন্য মারাত্মক হুমকিস্বরূপ এই অপরাধের কারণে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯ এর ৪৩ ধারা অনুযায়ী প্রতিষ্ঠানটিকে ৩০ হাজার টাকা জরিমানা করা হয়। জরিমানার পাশাপাশি কারখানায় থাকা সমস্ত পচা ও বাসি মিষ্টি তাৎক্ষণিকভাবে ধ্বংস করা হয়। এ সময় মিষ্টির দোকান ও কারখানার মালিক নিজের ভুল স্বীকার করেন এবং ভবিষ্যতে এমন কাজ আর করবেন না বলে উপজেলা প্রশাসনকে আশ্বস্ত করেন। ‎

মিষ্টি কারখানায় অভিযানের পর একই সাথে পৌর এলাকায় ফুটপাত অবমুক্তকরণ অভিযান চালানো হয়। রাস্তার দুই পাশের দোকানদাররা মূল দোকান ছেড়ে ফুটপাত ও রাস্তা দখল করে ব্যবসা করায় তাদের কঠোরভাবে সতর্ক করা হয় এবং কিছু অবৈধ দোকান উচ্ছেদ করা হয়। ‎উপজেলা প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, জনস্বার্থ ও জননিরাপত্তা রক্ষায় এই ধরনের অভিযান নিয়মিত পরিচালনা করা হবে। ভবিষ্যতে কেউ ফুটপাত দখল করে ব্যবসা করলে বা খাদ্যে ভেজাল দিলে তাদের বিরুদ্ধে আরও কঠোর আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।