ভেড়ামারায় পাবনা-কুষ্টিয়া মহাসড়কে বাস-ট্রাক সংঘর্ষে নিহত ১

হেলাল মজুমদার কুষ্টিয়া
‎কুষ্টিয়ার ভেড়ামারায় পাবনা-কুষ্টিয়া মহাসড়কে শ্যামলী পরিবহনের একটি বাস ও ট্রাকের সংঘর্ষে একজন নিহত হয়েছেন। মঙ্গলবার (২৩ জুন) সকাল ৭টায় উপজেলার বাহিরচর ইউনিয়নের ১০মাইল এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

‎নিহত ব্যক্তির নাম মনির হোসেন (২১)। তিনি ট্রাকের হেলপার ছিলেন। সে বগুড়ার সারিয়াকান্দি এলাকার সুরুজ আলীর ছেলে।

‎প্রত্যক্ষদর্শী ও এলাকাবাসী সূত্রে জানা যায়, মঙ্গলবার সকাল ৭টার দিকে শ্যামলী পরিবহনের একটি দূরপাল্লার যাত্রীবাহী বাস কুষ্টিয়া অভিমুখে যাচ্ছিল। বিপরীত দিক থেকে আসা লালন শাহ সেতুগামী পাটের বস্তা বোঝাই ট্রাক পাবনা-কুষ্টিয়া মহাসড়কের ১০মাইল নামক স্থানে এলে তার সামনের চাকা ফেটে যায়। ফলে ট্রাকটি মুহূর্তেই নিয়ন্ত্রণ হারায় এবং দুই পরিবহনের সংঘর্ষ হয়। সংঘর্ষে ট্রাকের হেলপার মনির হোসেন ঘটনাস্থলেই প্রাণ হারান। এ ঘটনায় ৩জন গুরুতর আহত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। এসময় দুর্ঘটনাস্থলে তীব্র যানজটের সৃষ্টি হয়। পরবর্তীতে ভেড়ামারা থানা পুলিশ ঘটনাস্থলে এসে পরিস্থিতি নিয়ন্ত্রণ করেন।

‎এলাকাবাসী জানায়, স্থানটিতে মাঝে মধ্যেই সড়কে দুর্ঘটনা হয়, প্রাণহানির ঘটনা ঘটে। কিন্তু দৃশ্যমান কোনো প্রতিকার নেই।

‎ভেড়ামারা থানার অফিসার ইনচার্জ মুহাম্মদ জাহেদুর রহমান বলেন, দুর্ঘটনার খবর পেয়ে আমরা দ্রুত ঘটনাস্থলে গিয়ে যানজট নিরসন করি এবং হাইওয়ে থানাকে বিষয়টি অবগত করি।

‎কুষ্টিয়া চৌড়হাস হাইওয়ে থানার ওসি শেখ সেকেন্দার আলী বলেন, সকালে পাবনা-কুষ্টিয়া হাইওয়ের ১০ মাইলে শ্যামলী পরিবহন ও মালবোঝাই ট্রাকের সংঘর্ষ হয়েছে। এতে ট্রাকের হেলপার ঘটনাস্থলেই মারা যান। লাশ স্বজনদের বুঝিয়ে দিয়ে আইন অনুযায়ী পরবর্তীতে ব্যবস্থা গ্রহণ করা হবে।