রাজশাহীতে সড়ক ও জনপথ শ্রমিক ইউনিয়নের সভাপতি জয়নুল ও সম্পাদক আনোয়ার নির্বাচিত

রাজশাহী ব্যুরো: তীব্র বৃষ্টিকে উপেক্ষা করে উৎসবমুখর ও শান্তিপূর্ণ পরিবেশে অনুষ্ঠিত বাংলাদেশ সড়ক ও জনপথ শ্রমিক ইউনিয়ন, জেলা সংসদ, রাজশাহী (রেজি. নং-১৫৯২) এর দ্বিবার্ষিক নির্বাচনে সভাপতি পদে আনারস প্রতীক নিয়ে মো. জয়নুল আবেদীন এবং সাধারণ সম্পাদক পদে মাছ প্রতীক নিয়ে মো. আনোয়ার হোসেন নির্বাচিত হয়েছেন।

শনিবার (১১ জুলাই) সকাল ৯টা থেকে বিকেল ৪টা পর্যন্ত ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। সকাল থেকেই প্রবল বৃষ্টিকে উপেক্ষা করে শ্রমিকরা ভোটকেন্দ্রে উপস্থিত হয়ে ব্যালটের মাধ্যমে তাদের ভোটাধিকার প্রয়োগ করেন। নির্বাচনে ৮৬ জন ভোটারের মধ্যে মোট ৮৩ জন ভোটার তাদের ভোট প্রদান করেন।
ঘোষিত ফলাফলে সভাপতি পদে আনারস প্রতীক নিয়ে মো. জয়নুল আবেদীন ৪১ ভোট পেয়ে নির্বাচিত হন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী জিপগাড়ি প্রতীক নিয়ে মো. আরিফুজ্জামান নবাব পান ৩৭ ভোট।
অপরদিকে সাধারণ সম্পাদক পদে মাছ প্রতীক নিয়ে মো. আনোয়ার হোসেন ৬১ ভোট পেয়ে বিজয়ী হন। তার প্রতিদ্বন্দ্বী ছাতা প্রতীক নিয়ে মো. জসিম উদ্দিন পান ১৮ ভোট।
সাংগঠনিক সম্পাদক-১ পদে গরুর গাড়ি প্রতীক নিয়ে মো. জামিল হোসেন ৬৯ ভোট পেয়ে নির্বাচিত হন। সাংগঠনিক সম্পাদক-২ পদে ফুটবল প্রতীক নিয়ে মো. মাহিদুল ইসলাম ফারুক ৫০ ভোট পান। একই পদে দোয়াত-কলম প্রতীক নিয়ে খালেদ মোশাররফ ৪৬ ভোট এবং সূর্য প্রতীক নিয়ে রিপন আলী ৪১ ভোট পান।
অর্থ সম্পাদক পদে মোরগ প্রতীক নিয়ে ইউসুফ আলী রানা ৫২ ভোট পেয়ে নির্বাচিত হন। তার প্রতিদ্বন্দ্বী মই প্রতীক নিয়ে মো. জয়নাল আবেদীন ২৫ ভোট লাভ করেন।
নির্বাচন পরিচালনার জন্য তিন সদস্যবিশিষ্ট নির্বাচন কমিশন গঠন করা হয়। এতে সড়ক ও জনপথ, রাজশাহী জোনের প্রশাসনিক কর্মকর্তা (পিআরএল) আবেদুর রহমান প্রধান নির্বাচন কমিশনারের দায়িত্ব পালন করেন। সহকারী নির্বাচন কমিশনার হিসেবে দায়িত্ব পালন করেন মীর ফজলুর রহমান ও মো. রুহুল আমিন (অব.)। তাদের সার্বিক তত্ত্বাবধানে শান্তিপূর্ণ পরিবেশে ভোটগ্রহণ, ভোট গণনা এবং ফলাফল ঘোষণা সম্পন্ন হয়।
নির্বাচন চলাকালে প্রার্থীরা শ্রমিকদের কল্যাণ, অধিকার প্রতিষ্ঠা, ঐক্য সুদৃঢ়করণ এবং সংগঠনের উন্নয়নে একযোগে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন। ফলাফল ঘোষণার পর নবনির্বাচিত নেতৃবৃন্দকে ফুলেল শুভেচ্ছা জানান সমর্থিত শ্রমিকরা। এ সময় বিজয়ী প্রার্থীরা সকল ভোটারের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে শ্রমিকদের স্বার্থ রক্ষায় আন্তরিকভাবে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেন।