কুষ্টিয়ার দৌলতপুর সীমান্ত এলাকায় পৃথক দুটি বিশেষ অভিযান পরিচালনা করে প্রায় ১১ লাখ ২২ হাজার ২০০ টাকা মূল্যের ভারতীয় মাদকদ্রব্য উদ্ধার করেছে কুষ্টিয়া ব্যাটালিয়ন (৪৭ বিজিবি)। উদ্ধার হওয়া মাদকের মধ্যে রয়েছে স্কাফ সিরাপ, গাঁজা, ডেক্সামেথাসন ও সিপ্রোহেপ্টাডিন ট্যাবলেট। তবে এ ঘটনায় কাউকে আটক করা যায়নি।

বিজিবি জানায়, নির্ভরযোগ্য গোয়েন্দা তথ্যের ভিত্তিতে শনিবার (২৫ জুলাই) ভোর সাড়ে ৪টার দিকে চল্লিশপাড়া বিওপির একটি টহল দল দায়িত্বপূর্ণ এলাকার চল্লিশপাড়া মাঠে অভিযান চালিয়ে মালিকবিহীন অবস্থায় ৪৮ বোতল ভারতীয় স্কাফ সিরাপ, ৫১০ পিস ডেক্সামেথাসন ট্যাবলেট এবং ১ হাজার ৫২০ পিস সিপ্রোহেপ্টাডিন ট্যাবলেট উদ্ধার করে। এসব মাদকের আনুমানিক সিজার মূল্য ৬ লাখ ২৮ হাজার ২০০ টাকা।

এর আগে শুক্রবার (২৪ জুলাই) সন্ধ্যা ৭টা ৪০ মিনিটে রামকৃষ্ণপুর বিওপির টহল দল ঠোটারপাড়া মাঠে অভিযান চালিয়ে মালিকবিহীন অবস্থায় ৪ কেজি ভারতীয় গাঁজা, ১ হাজার ১০০ পিস ডেক্সামেথাসন ট্যাবলেট এবং ৫০০ পিস সিপ্রোহেপ্টাডিন ট্যাবলেট উদ্ধার করে। উদ্ধার হওয়া এসব মাদকের আনুমানিক সিজার মূল্য ৪ লাখ ৯৪ হাজার টাকা।

দুটি অভিযানে সর্বমোট ৪৮ বোতল স্কাফ সিরাপ, ৪ কেজি গাঁজা, ১ হাজার ৬১০ পিস ডেক্সামেথাসন ট্যাবলেট এবং ২ হাজার ২০ পিস সিপ্রোহেপ্টাডিন ট্যাবলেট উদ্ধার করা হয়েছে। উদ্ধার হওয়া মাদকের মোট সিজার মূল্য ১১ লাখ ২২ হাজার ২০০ টাকা।

বিজিবি জানিয়েছে, উদ্ধার করা মাদকদ্রব্য জব্দ করে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য কুষ্টিয়ার দৌলতপুর থানায় হস্তান্তর করা হয়েছে।

কুষ্টিয়া ব্যাটালিয়ন (৪৭ বিজিবি)-এর অধিনায়ক বলেন, সীমান্ত এলাকায় মাদক, অস্ত্র ও অন্যান্য চোরাচালান প্রতিরোধে বিজিবির গোয়েন্দা তৎপরতা ও বিশেষ অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।