এসএসসি পরীক্ষায় উত্তীর্ণ কৃতি ছাত্রীদের সংবর্ধনা প্রদান উপলক্ষে নাগরপুর মহিলা অনার্স কলেজের উদ্যোগে মতবিনিময় অনুষ্ঠিত

কাজী মোস্তফা রুমি, বিশেষ প্রতিনিধি: টাঙ্গাইলের নাগরপুর মহিলা অনার্স কলেজের উদ্যোগে উপজেলার সকল মাধ্যমিক বিদ্যালয় ও মাদ্রাসা প্রধানদের নিয়ে এসএসসি পরীক্ষায় উত্তীর্ণ কৃতি ছাত্রীদের সংবর্ধনা ও পুরস্কার বিতরণ উপলক্ষে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (২৮ জুলাই ২০২৬) সকাল ১১টায় কলেজ অডিটোরিয়ামে অনুষ্ঠিত এ সভায় নাগরপুর মহিলা অনার্স কলেজের অধ্যক্ষ মো. আনিসুর রহমান আনিস এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন টাঙ্গাইল-৬ (নাগরপুর-দেলদুয়ার) আসনের সংসদ সদস্য মো. রবিউল আওয়াল লাভলু এমপির সহধর্মিণী, নাগরপুর মহিলা অনার্স কলেজের গভর্নিং বডির সম্মানিত সভাপতি ও বিশিষ্ট শিক্ষানুরাগী মনোয়ারা বেগম মুকুল।

উক্ত সভায় নাগরপুর উপজেলার প্রত্যেকটি মাধ্যমিক শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার মান উন্নয়নে করণীয় সহ এসএসসি পরীক্ষায় উত্তীর্ণ কৃতি ছাত্রীদের সংবর্ধনা ও পুরস্কার বিতরণ উপলক্ষে গুরুত্বপূর্ণ আলোচনা করা হয়।

অত্যন্ত উৎসবমুখর ও সৌহার্দ্যপূর্ণ পরিবেশে অনুষ্ঠিত এ মতবিনিময় সভায় অংশগ্রহণকারী প্রতিষ্ঠান প্রধানদের মধ্যে ইতিবাচক সাড়া ফেলে এবং ভবিষ্যতে এ ধরনের উদ্যোগ অব্যাহত রাখার প্রত্যাশা ব্যক্ত করা হয়।

মতবিনিময় সভায় নাগরপুর উপজেলার মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক, মাদ্রাসার অধ্যক্ষ ও সুপার, উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির নেতৃবৃন্দ সহ স্থানীয় রাজনৈতিক নেতৃবৃন্দ এবং এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।