এই শিক্ষার্থীরায় আগামী দিনের ভবিষ্যৎ-  ডিসি -তৌহিদ বিন- হাসান

হেলাল মজুমদার ভেড়ামারা (কুষ্টিয়া) প্রতিনিধি:
বার্ষিক উন্নয়ন কর্মসূচির (এডিপি) আওতায় কুষ্টিয়ার ভেড়ামারা উপজেলার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে ৫০টি ফ্যান বিতরণ করা হয়েছে।

মঙ্গলবার (১৮ আগস্ট) সকাল ১১টায় উপজেলা পরিষদের হলরুমে উপজেলা প্রশাসনের আয়োজনে এ বিতরণ কার্যক্রম অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে উপজেলার ২২টি মাধ্যমিক বিদ্যালয় ও দুটি মাদ্রাসার প্রধান শিক্ষক ও সুপারদের হাতে এসব ফ্যান তুলে দেওয়া হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন কুষ্টিয়ার জেলা প্রশাসক মো. তৌহিদ বিন-হাসান। শিক্ষকদের উদ্দেশে তিনি বলেন, “আপনাদের কাছ থেকে লেখাপড়া শিখে এই শিক্ষার্থীরাই আগামী দিনে দেশ গড়ার নেতৃত্ব দেবে। তাই কোনো শিক্ষার্থী অঙ্ক বা ইংরেজিতে দুর্বল হলে তার প্রতি বিশেষভাবে যত্ন নিতে হবে। একজন শিক্ষার্থী এবার অঙ্ক বা ইংরেজিতে ৪০ নম্বর পেলে আগামী পরীক্ষায় যেন ৪৫ বা তার বেশি নম্বর পায়, সেদিকে শিক্ষকদের বিশেষ নজর দিতে হবে।”

তিনি আরও বলেন, “এই শিক্ষার্থীরাই আগামী দিনের ভবিষ্যৎ। সবার আগে বাংলাদেশ—দেশের ভবিষ্যৎ প্রজন্মকে যোগ্য ও দক্ষ করে গড়ে তুলতে শিক্ষকদের গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে হবে।”
অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন কুষ্টিয়ার অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মো. আবদুল ওয়াদুদ। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ভেড়ামারা উপজেলা নির্বাহী কর্মকর্তা আমিরুল আরাফাত।
এ সময় উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) ডা. গাজী আশিক বাহার, উপজেলা কৃষি কর্মকর্তা মাহামুদা সুলতানা, উপজেলা শিক্ষা কর্মকর্তা ফারুক আহমেদ, উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা তপন কুমার দেবনাথ, উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা রাশেদ হাসান, সমাজসেবা কর্মকর্তা এমদাদুল হক বিশ্বাস, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মিজানুর রহমান এবং সহকারী প্রোগ্রামার (আইসিটি) মারজিয়া খানমসহ বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের প্রধান শিক্ষক ও সুপাররা।

বাংলাদেশ সরকারের অর্থায়নে এবং ভেড়ামারা উপজেলা প্রশাসনের উদ্যোগে শিক্ষাপ্রতিষ্ঠানগুলোর শিক্ষার পরিবেশ উন্নয়নের লক্ষ্যে এসব ফ্যান বিতরণ করা হয়।